ঝাড়খণ্ডে ধর্ষণে দোষী সাব্যস্তকে পিটিয়ে খুন
Web Desk, ABP Ananda | 02 Mar 2018 09:47 PM (IST)

ফাইল ছবি
জামশেদপুর: ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়া এক দাগি অপরাধীকে পিটিয়ে খুন করল উত্তেজিত জনতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসোয়ান জেলার আদিত্যপুরে। উত্তেজনা থাকায় ওই অঞ্চলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেরাইকেলার এসডিপিও অবিনাশ কুমার জানিয়েছেন, নিহতের নাম রতন লোহার। ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে কয়েক বছর জেল খাটার পর সে জামিনে মুক্তি পায়। তার বিরুদ্ধে আরও অন্তত ৬টি মামলা রয়েছে। জামিনে মুক্তি পেয়েই সে রাম মদাইয়া বস্তিতে যায়। সাজা পাওয়ার আগে রতন ওই বস্তি অঞ্চলে সন্ত্রাস চালাত। তাকে ফের দেখতে পেয়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা রতনকে সেখান থেকে চলে যেতে বলেন। বচসা চলাকালীন সে একটি বন্দুক নিয়ে স্থানীয় লোকজনকে ভয় দেখায়। এরপরেই অসংখ্য লোক তাকে ঘিরে ধরেন। বিপদ বুঝে পালানোর চেষ্টা করে রতন। সে একটি বাড়ির ছাদে উঠে পড়ে। তবে জনতা তাকে তাড়া করে সেখানে পৌঁছে গিয়ে মারধর করে। খবর পেয়ে পুলিশকর্মীরা সেখানে গিয়ে রতনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।