মালাপ্পুরম (কেরল): ৯ বছরের ভাইপোকে দু সপ্তাহ আগে অপহরণ করে কাদালুন্ডি নদীতে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। মহম্মদ নাম লোকটি ভাইয়ের কাছ থেকে মোটা টাকা মুক্তিপণ আদায়ের ছক কষেই চতুর্থ শ্রেণির পড়ুয়া ভাইপো মহম্মদ শাহিনকে অপহরণ করে বলে জানিয়েছে পুলিশ। ১৩ আগস্ট থেকে শাহিনের নিখোঁজ হওয়ার ব্যাপারে সোস্যাল মিডিয়ায় খবর ছড়াতেই মহম্মদ তাকে বন্যায় ফুলেফেঁপে ওঠা নদীতে ফেলে দেয় বলে জানা গিয়েছে। শাহিনের খোঁজে তল্লাসি চলছে। সিসিটিভি ফুটেজে মহম্মদের ছেলেটিকে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে যাওয়ার ছবি দেখে তাকে আটক করে পুলিশ। জেরায় মহম্মদ কবুল করে, ভাইপোকে মেরে ফেলতে সে তাকে জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাকে ৩০২ (খুন), ৩৬৪ ( হত্যার উদ্দেশ্যে অপহরণ) সব ভারতীয় দণ্ডবিধির নানা ধারা ও জুভেনাইল জাস্টিস আইনে গ্রেফতার করেছে পুলিশ।