সরগুজা: ইচ্ছা থাকলেই উপায় হয়।  এই প্রবাদ সত্য করে দেখাল ছত্তিশগঢ়ের প্রত্যন্ত সরগুজা গ্রামের এক উপজাতি ছাত্র সুনীল লাকড়া। সমস্ত প্রতিকূলতা সরিয়ে আইআইটি প্রবেশিকা পরীক্ষায় সফল হল সুনীল। প্রথমসারির এই ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় এই হতদরিদ্র পরিবারের সন্তানের সর্বভারতীয় র‌্যাঙ্ক ১০২১। সুনীল নিজেই জানিয়েছে এই লক্ষ্যে পৌঁছনোর জন্য তার চোয়ালচাপা লড়াইয়ের কথা।  তার বই কেনারও সঙ্গতি ছিল না। সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের কৃতিত্ব দিয়েছে সুনীল। তাঁরা শুধু প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়াই নয়, মানসিক শক্তি ও আত্মবিশ্বাস সঞ্চার করেছেন বলে সুনীল জানিয়েছে। ছত্তিশগড় সরকারের উপজাতি কল্যাণ বিভাগের বিশেষ কোচিংও তাঁর সাফল্যের ক্ষেত্রে সহায়ক হয়েছে। সুনীল জানিয়েছে, তাঁকে দিনে পাঁচ-ছয় ঘন্টা কাজ করতে হয়। তার মতে, আইআইটি-র মতো কঠিন পরীক্ষায় সফল হতে গেলে নিজে নিজে পড়াশোনা করাটা খুব জরুরী। এই কাজটা সে মন দিয়ে করেছে। সুনীল বলেছে, আমার পরিবারের বই কিনে দেওয়ার মতো সামর্থ্যও ছিল না। কিন্তু স্কুলের শিক্ষকরা তাঁকে বই জোগান দিতেন। সুনীলের বাবা সুখল রাম ছেলের এই সাফল্যে গর্বিত। তিনি বলেছেন, সন্তানদের পড়াশোনা শেখানোর জন্য তাঁরা চাষের কাজে প্রচণ্ড পরিশ্রম করতেন। কারণ, তাঁরা চাইতেন, তাঁদের সন্তানরা যেন শিক্ষিত ও দেশের দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে।