মুম্বই: মাঝ আকাশে অল্পের জন্য সংঘর্ষ এড়াল এয়ার ইন্ডিয়া ও ভিস্তারার বিমান। মুম্বইয়ের আকাশে এই ঘটনাটি ঘটেছে এ মাসের সাত তারিখ। দিল্লি থেকে পুণে যাচ্ছিল ভিস্তারার ইউকে ৯৯৭ উড়ানটি। সেই বিমানে ১৫২ জন যাত্রী ছিলেন। সেই সময়ই ১০৯ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এআই ৬৩১ উড়ান ভোপালের উদ্দেশে যাচ্ছিল। ভিস্তারার বিমানটি এয়ার ইন্ডিয়ার বিমানের ১০০ ফুটের মধ্যে চলে আসে। দুই বিমানেরই পাইলটের কাছে স্বয়ংক্রিয় সতর্কবার্তা যাওয়ার পর তাঁরা নিরাপদ দূরত্বে চলে যান। এর ফলে বিপদ এড়ানো সম্ভব হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারক্র্যাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। এএআইবি-র এক আধিকারিক বলেছেন, এয়ার ইন্ডিয়ার পাইলট সতর্কবার্তা পাওয়ার পরেই দ্রুত বিমানটিকে নিরাপদ দূরত্বে নিয়ে যান। তাঁর এই প্রত্যুৎপন্নমতিত্বের জন্যই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তদন্তে জানা গিয়েছে, তাঁর কোনও দোষ ছিল না। তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে ভিস্তারার বিমানটির দুই পাইলটকে আপাতত বিমান চালাতে দেওয়া হচ্ছে না। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে।