'সিদা রূপাইয়া সরকার'! কর্নাটকে সিদ্দারামাইয়াকে দুর্নীতির প্রশ্নে বিঁধে বিদ্রূপ মোদীর
Web Desk, ABP Ananda | 27 Feb 2018 08:02 PM (IST)
নয়াদিল্লি: কর্নাটকে ক্ষমতাসীন সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকারকে দুর্নীতির প্রশ্নে বিঁধে 'সিদা রূপাইয়া সরকার' বলে বিদ্রূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কর্নাটকে বিজেপি রাজ্য সভাপতি বি এস ইয়েদুরাপ্পাকে সামনে রেখে বিধানসভা ভোটে লড়ছে। তাঁর ৭৫-তম জন্মদিন মাথায় রেখে লিঙ্গায়েত সম্প্রদায় অধ্যুষিত এলাকায় আজ বিজেপির এক জনসভায় তিনি 'আর এক মিনিটও' সিদ্দারামাইয়া সরকারের ক্ষমতায় থাকা উচিত নয় বলে মন্তব্য করেন। ভোটমুখী কর্নাটকে এটা প্রধানমন্ত্রীর তৃতীয় সফর। সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ রয়েছে বলে দাবি করে মোদী কর্নাটকের এই সরকারের বিদায় এখন নিশ্চিত বলে মন্তব্য করেন। বলেন, কিছু লোকের ধারণা, কর্নাটকে সিদ্দারামাইয়া সরকার আছে। কিন্তু আসল ঘটনা হল, এটা সিদা রূপাইয়া সরকার। প্রতিটি ব্যাপারেই আগে সোজা টাকা লাগে, তারপরই কাজ হয়। রাজনৈতিক মহলের বক্তব্য, বিজেপি ভোটে জিতলে লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিনিধি সিদ্দারামাইয়াকেই যে মুখ্যমন্ত্রী করা হবে, মোদী সশরীরের আজকের জনসভায় হাজির হয়ে সেই বার্তা দিলেন। লিঙ্গায়েতদের মধ্যে বিজেপির ভাল ভিত আছে। ২২৪ সদস্যবিশিষ্ট বিধানসভায় ১৫০-এর বেশি আসন জয়ের টার্গেট নিয়েছে বিজেপি। এর আগে মোদী সিদ্দারামাইয়া প্রশাসনকে '১০ পারসেন্ট কমিশন সরকার' বলেও কটাক্ষ করেন। পাল্টা সিদ্দারামাইয়া পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে ২ বিলিয়ন ডলার প্রতারণা করে হিরে ব্যবসায়ী নীরব মোদী, মেহুল চোকসির দেশত্যাগের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে 'দুর্নীতির বড় সহায়ক' বলেন। দেশের সামনে নানা সমস্যার জন্য কংগ্রেসের সংস্কৃতিকে দায়ী করে তিনি বলেন, পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে, ওদের পাপের বোঝার জন্য কর্নাটক ছাড়ুন, কংগ্রেসকেই বাঁচাতে পারবে না ওরা।