হবু বরের বন্ধুদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিয়ে ভাঙলেন কনে
Web Desk, ABP Ananda | 14 Mar 2018 05:17 PM (IST)

মুরাদনগর: বিয়ের আগেই হবু বরের বন্ধুদের হাতে শ্লীলতাহানির শিকার হয়ে বিয়ে ভেঙে দিলেন কনে। তাঁর অভিযোগের ভিত্তিতে বর ও তাঁর বাবাকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার মুরাদনগর শহরের গঙ্গাবিহার কলোনি অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। সেদিন বিয়ের আগে ‘জয়মালা’ অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে এগারোটা নাগাদ হবু বরের দুই বন্ধু মঞ্চে উঠে বর-কনের জন্য নির্দিষ্ট আসনে বসে পড়েন। সবাই যখন বর-কনেকে আশীর্বাদ করছিলেন, তখন বরের ওই দুই বন্ধু কনেকে আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। কনে তখনই তাঁর হবু বরকে এই ঘটনার কথা জানান। কিন্তু তিনি হবু স্ত্রীর অভিযোগে গুরুত্ব না দিয়ে তাঁকে চুপ করতে বলেন। এরপর কনে বুঝতে পারেন, তাঁর হবু বর মদ্যপ অবস্থায় আছেন। এরপরেই তিনি পরিবারের লোকজনকে গোটা ঘটনা জানান। সেই সময় তাঁর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন হবু বর। এই কথা শুনেই কনের বাড়ির লোক ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয়ে যায় বচসা, হাতাহাতি। এরপর বরযাত্রীদের আটকে রেখে কনেপক্ষের কয়েকশো লোক হিন্দু যুববাহিনীর জেলা সভাপতি প্রশান্ত গুপ্তর সঙ্গে থানায় যান। তাঁরা দাবি করেন, উপযুক্ত ধারায় অভিযোগ না নিয়ে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। হিন্দু যুববাহিনীর চাপে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এরপর বরের বন্ধুদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাঁদের হেফাজতে নেয় পুলিশ।