ভোপাল: বিধানসভায় পুরুষত্বহীনতা নিয়ে প্রশ্নের লিখিত জবাব দিতে গিয়ে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রুস্তম সিংহ। তিনি বলেন, ‘একজন মহিলাই বলতে পারবেন, তাঁর স্বামী পুরুষত্বহীন কি না।’ পরে বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনও ব্যক্তির পুরুষত্বহীনতা নিয়ে মন্তব্য করতে পারি না। একমাত্র তাঁর স্ত্রীই এটা জানেন এবং এ বিষয়ে বলতে পারেন। কোনও ব্যক্তিই বলবেন না তিনি পুরুষত্বহীন কি না। পুরুষত্বহীনতার সমস্যা নিয়ে রাজ্য সরকারের কোনও প্রকল্প নেই।’ কংগ্রেস বিধায়ক সুন্দরলাল তিওয়ারির প্রশ্নের জবাব দিতে গিয়েই বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী। সুন্দরলাল জানতে চেয়েছিলেন, বিশেষ করে রেওয়া জেলায় পুরুষদের শুক্রাণু কমে যাওয়া এবং পুরুষত্বহীনতার সমস্যার মোকাবিলা করার জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে? জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, রেওয়া জেলায় এক স্বাস্থ্যশিবিরে ১২৬ জন সন্তানহীন দম্পতিকে চিহ্নিত করা হয়েছে। দারিদ্র্যসীমার নীচে থাকা নিঃসন্তান দম্পতিরা যাতে চিকিৎসার সুযোগ পান, তার জন্য রাজ্য সরকারের একটি প্রকল্প আছে। এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন রুস্তম। মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে কংগ্রেস নেতা ভূপেন্দ্র গুপ্ত বলেছেন, ‘রুস্তম সিংহের মন্তব্য কুরুচিকর। একজন মন্ত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। তাঁকে অবিলম্বে বরখাস্ত করা উচিত মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের।’