উপহারের প্যাকেটে বিস্ফোরণ, নববিবাহিত যুবক, ঠাকুমার মৃত্যু, জখম নববধূ
Web Desk, ABP Ananda | 23 Feb 2018 10:52 PM (IST)

ভুবনেশ্বর: বিয়েতে পাওয়া উপহারের একটি প্যাকেটে বিস্ফোরণের ফলে মৃত্যু হল নববিবাহিত যুবক ও তাঁর ঠাকুমার। জখম হয়ে হাসপাতালে ভর্তি নববধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার বোলাঙ্গির জেলায়। তদন্ত শুরু করেছে পুলিশ। পন্থনগরের এসডিপিও সেসাদেবা বারিহা জানিয়েছেন, ‘মাত্র পাঁচদিন আগেই মৃত যুবকের বিয়ে হয়। ২১ তারিখ তাঁদের বৌভাত ছিল। পরে যখন বাড়িতে এসে তাঁরা বিয়েতে পাওয়া উপহারগুলি খুলে দেখছিলেন, তখনই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ওই যুবকের ঠাকুমার মৃত্যু হয়। রৌরকেল্লার হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। তাঁর স্ত্রী বারলার সরকারি হাসপাতালে ভর্তি। একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বৌভাতের দিন ওই রহস্যজনক প্যাকেট দিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে।’