চলবে না ডিজে, বিদ্বেষমূলক ভাষণ, মধ্যপ্রদেশে রাহুল গাঁধীর সভার জন্য একগুচ্ছ নির্দেশিকা
Web Desk, ABP Ananda | 23 May 2018 03:48 PM (IST)

ভোপাল: আগামী ৬ জুন মধ্যপ্রদেশের মানসৌরে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর জনসভা করার কথা। তার আগে এই সভার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন মালহারগড়ের মহকুমা আধিকারিক। শর্ত দেওয়া হয়েছে, কোনওরকম ডিজে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনও মন্তব্য করা যাবে না, সভার জন্য বানানো তাঁবুর মাপ ১৫x১৫ ফুটের বেশি করা যাবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই জনসভার আয়োজকদেরই পার্কিং স্পেস, বিদ্যুৎ, জল ও দমকলবাহিনীর ব্যবস্থা করতে হবে। এছাড়া অগ্নিকাণ্ড, বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির মোকাবিলা করার জন্যও তৈরি থাকতে হবে। মালহারগড় প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাহুলের জনসভার জন্য যাতে ওই অঞ্চলে যান চলাচল বিঘ্নিত না হয়, সেটাও নিশ্চিত করতে হবে আয়োজকদের। যদি সভাস্থল থেকে কোনও গাড়ি চুরি হয়, তাহলে দায়ী থাকবেন আয়োজকরাই। সভায় যাতে বিশৃঙ্খলা ও গোলমাল না পাকাতে পারে কোনও দুষ্কৃতী, সেটাও নিশ্চিত করতে হবে। ওই সভায় যাঁরা দায়িত্বে থাকবেন, নির্দিষ্ট দিনের আগেই থানায় তাঁদের মোবাইল নম্বর দিতে হবে। যদি সব নিয়ম না মানা হয়, তাহলে সভার অনুমতি বাতিল করে দেওয়া হবে।