নয়াদিল্লি: কাঠুয়ায় শিশুকন্যা ধর্ষণ, খুন মামলায় অভিযুক্তদের সমর্থনে মিছিলে যে বিজেপি বিধায়ক ছিলেন বলে অভিযোগ, জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতি সরকারের সোমবারের রদবদলে তাঁর ক্যাবিনেট মন্ত্রী পদে প্রমোশন হওয়ায় প্রবল বিস্ময় ছড়িয়েছে। রাজীব জাসরোতিয়া নামে ওই বিজেপি বিধায়ককে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছে বলে ক্ষোভ চেপে রাখতে পারেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। রাজীব কাঠুয়ার বিধায়ক। ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর ট্যুইট করেছেন, ধর্ষণে অভিযুক্তদের সমর্থনে মিছিলে যোগ দেওয়ায় জম্মু ও কাশ্মীরে দুই বিজেপি মন্ত্রী অপসারিত হলেন। আবার একই মিছিলে হাজির থাকা এক এমএলএ-কে মন্ত্রী করে প্রমোশন দেওয়া হল। বিজেপি, মেহবুবা মুফতি কাঠুয়া ধর্ষণের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার প্রশ্নে দ্বিধাগ্রস্ত কেন? এর মধ্যেই একটি সংবাদ চ্যানেলের প্রশ্নের মুখে রাজীব জাসরোতিয়ার দাবি, তিনি কখনই হিন্দু একতা মঞ্চ আয়োজিত ওই মিছিলে ছিলেন না। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, মন্ত্রী হয়ে কি ওই মিছিলে থাকার পুরস্কার পেলেন! গত ১৭ এপ্রিল বিজেপি মেহবুবার জোট সরকার থেকে দলের ৯ মন্ত্রীকেই ইস্তফা দিতে বলে যাতে নতুন মুখ ঢোকানো যায়। তার আগে কাঠুয়ায় ৮ বছরের মেয়ের ধর্ষণ, হত্যায় অভিযুক্তদের সমর্থনে মিছিলে যোগ দেওয়ায় ইস্তফা দেন বিজেপির দুই মন্ত্রী লাল সিংহ, চন্দ্রপ্রকাশ গঙ্গা। এদিন বিজেপি মুখপাত্র রাম মাধব অবশ্য কাঠুয়ার ঘটনার জেরেই মন্ত্রিসভায় এই রদবদল, মানতে চাননি। তিনি বলেন, কাঠুয়ার সঙ্গে কোনও সম্পর্কই নেই মন্ত্রিসভার রদবদলের। আমাদের সরকারের তিন বছর পূর্ণ হয়েছে। তাই আমরা নতুনদের জায়গা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।