নয়াদিল্লি: ‘কাশ্মীর তো হোগা লেকিন পাকিস্তান নেহি হোগা’ (কাশ্মীর তো থাকবে, কিন্তু পাকিস্তান থাকবে না)- সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে ছড়িয়ে পড়েছে এই দেশাত্ববোধক কবিতার ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, বাসে এক জওয়ান এই কবিতা আবৃত্তি করছেন। ওই জওয়ানের নাম হিমাচল প্রদেশের  হেড কনস্টেবল মনোজ ঠাকুর। তিনি বর্তমানে কিন্নৌরে কর্মরত। গত ২৬ জুলাই কার্গিল দিবসে মনোজ এই ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছিলেন। কিন্তু গত রবিবার উরিতে সেনা ছাউনি জঙ্গি হামলার পর এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ১৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, পুলিশ কর্মীদের নিয়ে চলছে একটি বাস। সেই বাসে কবিতাটি আবৃত্তি করছেন মনোজ। ভিডিওয় পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভারতের বিরুদ্ধে কোনওরকম কারসাজি করলে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে পাকিস্তান। কবিতায় বলা হয়েছে এখন যুদ্ধ হলে কাশ্মীর তো থাকবে কিন্তু পাকিস্তান থাকবে না। একইসঙ্গে ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯-এই তিনটি যুদ্ধে ভারতের কাছে পাকিস্তানের পর্যুদস্ত হওয়ার বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে, সিন্ধু নদীর উভয় তীরেই থাকবে ভারত। ইসলামাবাদে উড়বে ভারতের পতাকা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার কথা জানতে পেরে মনোজ ভারতবাসীর প্রতি তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন।