অমেঠি (উত্তরপ্রদেশ): সংসদের বাজেট অধিবেশন ভেস্তে যাওয়ায় বিজেপির নিশানায় থাকা কংগ্রেসের পাল্টা অভিযোগ। রাহুল গাঁধী আজ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছেন, প্রধানমন্ত্রী দেশের সব জায়গায় যেতে পারেন, কিন্তু লোকসভায় এসে ভাষণ দেওয়ার জন্য তাঁর হাতে ১৫ মিনিট সময় নেই! নিজের সংসদীয় কেন্দ্রে তিন দিনের সফরে এসেছেন রাহুল। সফরের দ্বিতীয় দিনে আজ সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া মেজাজে কথা বলতে গিয়ে কংগ্রেস সভাপতি অবশ্য একইসঙ্গে চ্যালেঞ্জের সুরে বলেন, ১৫ মিনিট বলার সুযোগ পেলেও উনি লোকসভায় আমাদের প্রশ্নের সামনে দাঁড়াতে পারবেন না। রাহুল ভারতীয় বায়ুসেনার জন্য দু ইঞ্জিনের ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনতে ভারত-ফরাসি আন্তঃসরকার চুক্তির প্রতি ইঙ্গিত করে রাহুল বলেন, এটা রাফালে ডিলের মাধ্যমে সরাসরি চুরি। ৪৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এক শিল্পপতি বন্ধুকে। রাহুল এও বলেন, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তা নিয়ে একটি শব্দও শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে।