নয়াদিল্লি: আন্তর্জাতিক সহযোগিতায় অবদান, বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধি জোরদার করায় ২০১৮-র সিওল শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীকে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার জানিয়েছেন, কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে ভারতের গভীর হতে চলা সম্পর্কের প্রেক্ষাপটে কৃতজ্ঞতা প্রকাশ করে এই সম্মান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।
রভিশ ট্যুইট করেছেন, বিশ্ব স্বীকৃতি দিল। মোদীনমিকস-এর মাধ্যমে ভারত ও বিশ্বে উচ্চ আর্থিক বৃদ্ধি, বিশ্ব শান্তিতে অবদান, মানব সূচকে উন্নতি ও ভারতে গণতন্ত্র প্রসারিত করায় ২০১৮-র সিওল শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরস্পরের সুবিধামতো কোনও সময় মোদীকে এই পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রক। মোদী নিজেও ট্যুইট করেছেন, এই বিরাট সম্মানের জন্য নোবেল শান্তি পুরস্কার সাংস্কৃতিক ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ। বিনয়ের সঙ্গে আমার সব ভারতীয় ভাই বোনের হয়ে পুরস্কার স্বীকার করছি। গোটা মানবজাতির মঙ্গল, সমৃদ্ধি. উন্নয়ন ও শান্তির জন্য নয়াদিল্লির অবদানের স্বীকৃতি এটা।
১৯৯০-এ সিওলে হওয়া ২৪-তম ওলিম্পিক গেমসের সাফল্য উদযাপনে চালু হয়েছিল এই পুরস্কার। কোরিয়ার মানুষের তাঁদের নিজেদের দেশ ও বাকি বিশ্বে শান্তির বাসনাকে তুলে ধরা হয় এর মাধ্যমে। বিদেশমন্ত্রক বলেছে, মোদীকে পুরস্কারের জন্য বাছাই করে কমিটি ভারতের ও বিশ্বের অর্থনীতির শ্রীবৃদ্ধির জন্য তাঁর অবদান স্বীকার করল, ধনী ও গরিবের আর্থসামাজিক বিভেদ কমিয়ে আনায় মোদীনমিক্স-কে কৃতিত্ব দিল, দুর্নীতি বিরোধী পদক্ষেপ, নোট বাতিলের মাধ্যমে সরকারকে আরও সাফ করে তোলায় মোদীর প্রয়াসের প্রশংসা করেছে কমিটি। মোদীর আগে এই পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কোফি আন্নান, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল।