নয়াদিল্লি: সোমবার চারদেশের সফরে বের হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার মোদী জানান, এই ৬-দিনের সফরে তিনি জার্মানি, স্পেন, রাশিয়া ও ফ্রান্সে যাচ্ছেন। মূলত, এই চার দেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক যোগাযোগকে আরও জোরদার করতেই তাঁর এই সফর বলে জানান প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় সূত্রের খবর, প্রথমে সোমবার জার্মানি পৌঁছবেন মোদী। সেখানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে ভারত-জার্মানি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হওয়ার কথা। তিনি জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমারের সঙ্গেও বৈঠক করবেন।

মঙ্গলবার, স্পেনে যাবেন মোদী। প্রসঙ্গত, প্রায় তিন দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এই প্রথম সেদেশে যাবেন। সেখানে রাজা ষষ্ঠ ফেলিপে এবং প্রেসিডেন্ট মারিয়ানো রাহয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা মোদীর। সেখানে, অর্থনৈতিক ইস্যুর পাশাপাশি সন্ত্রাস মোকাবিলা নিয়েও কথা হবে বলে খবর।

সফরের দ্বিতীয়ার্ধ মোদীর কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ, এই পর্যায়ে তিনি ভারতের দুই প্রধান মিত্র-রাষ্ট্র রাশিয়া ও ফ্রান্সে যাবেন। জানা গিয়েছে, রাশিয়ায় তিনি ৩১ মে থেকে ২ জুন থাকবেন। এই তিনদিনে তিনি অষ্টাদশ ভারত-রাশিয়া সম্মেলনে অংশ নেবেন।

শেষে, ফ্রান্সে যাবেন মোদী। সেখানে তিনি নবনিযুক্ত ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁর সঙ্গে বৈঠক করবেন। বিনিয়োগ ও বাণিজ্যিক ছাড়াও, প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া ও ফ্রান্স ভারতের অন্যতম সঙ্গী। ফলে, এই দুই দেশের সঙ্গে ভবিষ্যতের প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার কথা।