২০ জুন ভিডিও কনফারেন্সিং করে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন মোদী
Web Desk, ABP Ananda | 15 Jun 2018 04:18 PM (IST)

নয়াদিল্লি: সমাজের বিভিন্ন গোষ্ঠী, পেশার মানুষের সঙ্গে সংযোগ তৈরির কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তাঁর সরকারের নানা বহুল প্রচারিত স্কিম, প্রকল্পের সুবিধা পাওয়া লোকজনের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন তিনি। প্রথমে তিনি ভিডিও কলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাসের কানেকশন পাওয়া ৪ কোটি মহিলার কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। স্বাস্থ্য সংক্রান্ত স্কিম, স্টার্ট আপ প্রোগ্রামে লাভবান লোকজনের সঙ্গেও কথা বলেছেন। এবার ২০ জুন দেশের কৃষকদের সঙ্গে তাদের নানা সমস্যা, কৃষিক্ষেত্রে নানা অগ্রগতির ব্যাপারে কথা বলবেন তিনি। আজ ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে উপকৃত লোকজনের সঙ্গে আলাপচারিতার সময় তিন লক্ষ কমন সার্ভিস সেন্টারকে (সিএসসি) এই যোগাযোগের মাধ্যম হতে বলেন প্রধানমন্ত্রী। এই সেন্টারগুলি বর্তমানে নানা ডিজিটাল পরিষেবা পাওয়ার কেন্দ্র বা পয়েন্ট হিসাবে কাজ করছে। মোদী বলেন, ২০ জুন সকাল সাড়ে নটায় কৃষকদের সঙ্গে কথা বলব আমি। সেদিন আপনাদের সিএসসি সেন্টারগুলিতে এর আয়োজন করতে পারবেন? সিএসসিগুলি যোগাযোগের এক শক্তিশালী মাধ্যম হবে। দেশের প্রধানমন্ত্রী তিন লক্ষ সিএসসি দিয়ে সরাসরি গ্রামের সঙ্গে কথা বলবেন। প্রসঙ্গত, এ ধরনের সংযোগের ক্ষেত্রে মোদী শুরু করেন সেই স্কিমের বিষয়ে প্রারম্ভিক বিবৃতি দিয়ে। তারপরই সারা দেশে নানা সেন্টারে জড়ো হওয়া স্কিমের উপভোক্তারা তাঁদের অভিজ্ঞতা জানান। আলাপচারিতাকে প্রাণবন্ত করে তুলতে মোদী চেষ্টা করেন অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁদের নিজেদের ভাষায় কথা বলার। এদিনের ভাষণে তিনি মহারাষ্ট্র, তামিলনাড়ুর লোকজনের সঙ্গে সেভাবেই যোগাযোগ করেন। এলপিজি উপভোক্তাদের সঙ্গে প্রথম আলাপেই তিনি এক তামিল মহিলাকে বলেছিলেন, এবার তামিলনাড়ু গেলে তাঁর জন্য ধোসার ব্যবস্থা থাকবে তো! আজ তিনি এক মুসলিম মহিলাকে 'ঈদ মুবারক' বলে শুভেচ্ছাও জানান।