পুণের হাসপাতালে আইসিইউ-এ যাগযজ্ঞ করার পর মহিলার মৃত্যু, গ্রেফতার তান্ত্রিক
Web Desk, ABP Ananda | 16 Mar 2018 11:20 PM (IST)

পুণে: এক যুবতীর আরোগ্যের জন্য হাসপাতালের আইসিইউ-এ যাগযজ্ঞ করার অভিযোগে গ্রেফতার করা হল তান্ত্রিককে। চাঞ্চল্যকর এই ঘটনা মহারাষ্ট্রের পুণের। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া তান্ত্রিকের নাম সচিন ইয়েরওয়াডেকর। তাঁর পাশাপাশি চিকিৎসক সতীশ চবনের বিরুদ্ধেও মহারাষ্ট্রের কুসংস্কার-বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। সতীশ পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। অলঙ্কার থানার সিনিয়র ইন্সপেক্টর রেখা সানুঙ্কে জানিয়েছেন, দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে এ মাসের ১২ তারিখ মাল্টিপল অরগ্যান ফেলিওরের ফলে সন্ধ্যা সোনাওয়ানে (২৫) নামে এক মহিলার মৃত্যু হয়। তাঁর ভাইয়ের অভিযোগ, একটি বেসরকারি হাসপাতাল চালান সতীশ। তাঁর পরামর্শে বুক থেকে একটি মাংসপিণ্ড বার করার জন্য ওই হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা। সেখানে অস্ত্রোপচার হলেও, সন্ধ্যার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালের আইসিইউ-এ ভর্তি করা হয়। সেখানেই ১১ তারিখ ওই তান্ত্রিককে এনে যাগযজ্ঞ করেন সতীশ। পরের দিন সন্ধ্যার মৃত্য হয়। সন্ধ্যার আত্মীয়রা জানিয়েছেন, তাঁদের কিছু না জানিয়েই যাগযজ্ঞের আয়োজন করেন সতীশ। সেই কারণে তাঁরা গোটা যাগযজ্ঞ পর্ব মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেন তাঁরা। এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়।