এবার ভারত দর্শন প্রকল্পে গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটি অবধি চালানো হবে বিশেষ ট্রেন
web desk, ABP Ananda | 22 Feb 2019 06:22 PM (IST)

নয়াদিল্লি : এবার গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি অবধি পর্যটকদের পৌঁছে দিতে চালানো হবে বিশেষ ট্রেন। সর্দার বল্লভভাই পটেলের মূর্তি উন্মোচনের পাঁচ মাস পর নতুন এই ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। লৌহমানব সর্দার বল্লভভাই পটেলকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। ৪ মার্চ থেকে সরকারের ভারত দর্শন প্রকল্পে চণ্ডীগড় থেকে চলবে এই নতুন ট্রেন। রয়েছে সাত রাত আট দিনের প্যাকেজ। মাথাপিছু ৭,৫৬০ টাকা দিলে ঘোরা যাবে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, মধ্যপ্রদেশ, ইন্দোরের ওমকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, শ্রী সাঁই বাবা দর্শন, নাসিকের ত্রিম্বাকেশ্বর, মহারাষ্ট্র ও ঔরঙ্গবাদ। রয়েছে চণ্ডীগড়, অম্বালা, পাণিপথ, দিল্লি ক্যান্টনমেন্ট থেকে শুরু করে আলোয়ার, জয়পুর আরও বেশ কিছু স্টেশনে ওঠানামার ব্যবস্থা। ট্রেন ভদোদরা স্টেশনে দাঁড়ানোর পর পর্যটকদের বাসে করে নিয়ে যাওয়া হবে স্ট্যাচু অফ ইউনিটি অবধি। রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী থাকবে স্লিপার ক্লাস, রাত্রিবাসের জন্য থাকবে ডরমেটরি ব্যবস্থা, নিরামিষ খাবার, যাত্রীদের সুযোগ সুবিধা দেখার জন্য নিয়োগ করা হবে ট্যুর ম্যানেজার। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী ৮ নভেম্বর থেকে ৩ দিন স্ট্যাচু অফ ইউনিটি দেখতে খুব ভিড় হয়েছিল, যা থেকে সরকারের ১.২৬ কোটি টাকা ব্যবসা হয়েছে । ডিসেম্বরেও প্রচুর পর্যটক ভিড় জমিয়েছিলেন বিশ্বের সবচেয়ে বড় এই মূর্তি দেখতে।