ইউপিএসসি পরীক্ষায় ৮২-তম স্থানে চা বিক্রেতার ছেলে
Web Desk, ABP Ananda | 28 Apr 2018 09:52 PM (IST)

জয়পুর: বাবা চা বিক্রি করেন। জন্ম থেকেই অভাব নিত্যসঙ্গী। পড়াশোনার জন্য টাকা ধার করতে হয়েছে। কিন্তু সব প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে প্রথমবারের চেষ্টাতেই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৮২-তম স্থান অর্জন করলেন রাজস্থানের জয়সলমীর জেলার সুমালিয়াই শহরের তরুণ দেশাল দান (২৪)। তিনি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষাতেও দুর্দান্ত ফল করেছেন। এই পরীক্ষায় তিনি পঞ্চম স্থান অর্জন করেছেন। তাঁকে নিয়ে এখন গোটা গ্রাম গর্বিত। সবাই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। দেশালের বাবা কুশল দান বলেছেন, ‘আমি পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেছি। এখন তার ফল পাচ্ছি। আমাদের চায়ের দোকানে এসে যখন লোকজন আমার ছেলের কঠোর পরিশ্রম নিয়ে আলোচনা করবে, তখন আমি তৃপ্তি পাব। যারা জীবনে বড় হতে চায়, তাদের সামনে আমার ছেলে উদাহরণ হয়ে উঠেছে।’ দেশাল বলেছেন, ‘আমার বাবা ১৯৮৯ সাল থেকে চা বিক্রি করছেন। আমার পরিবার কঠিন সময়ে সবসময় আমার পাশে থেকেছে। আমার দাদা নৌবাহিনীতে ছিলেন। তিনিই আমার অনুপ্রেরণা।’ জয়সলমীর থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করার পর কোটা থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হন দেশাল। এরপর সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তিনি বন্ধুদের সঙ্গে দিল্লিতে চলে যান। আইআইটি জব্বলপুর থেকে বি টেক স্নাতক হন তিনি। ইউপিএসি পরীক্ষার জন্য বিশেষ কারও সাহায্য না পেয়েও এই ফল করেছেন দেশাল। তিনি মনে করেন, উপযুক্ত প্রশিক্ষণ পেলে প্রত্যন্ত অঞ্চলের ছাত্র-ছাত্রীরাও জীবনে উন্নতি করতে পারবে। তবে কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই।