নয়াদিল্লি: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সমুদ্রের বুকে যে পৌরাণিক রাম সেতু আছে, সেতুসমুদ্রম শিপ চ্যানেল প্রোজেক্টের ফলে তার কোনও ক্ষতি হবে না বলে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্রীয় সরকার। ২০১৩ সালে তৎকালীন ইউপিএ সরকার সুপ্রিম কোর্টে দু’টি হলফনামা জমা দিয়ে বলে, সেতুসমুদ্রম শিপ চ্যানেল প্রোজেক্টের ফলে অনেক সুবিধা হবে। তাই তারা এই প্রকল্প বাস্তবায়িত করতে চায়। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী এই প্রকল্পের বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি দ্রুত শুনানির আর্জি জানান। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চে জাহাজ মন্ত্রকের পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল পিঙ্কি আনন্দ জনস্বার্থ মামলার জবাব দেন। এই জবাবে বলা হয়েছে, সেতুসমুদ্রম প্রকল্পের সামাজিক-আর্থিক অসুবিধাগুলি বিবেচনা করা হয়েছে। রাম সেতুর ক্ষতি না করে বিকল্প পথে এই প্রকল্প চালু করার কথা ভাবা হচ্ছে।