নয়াদিল্লি: দলিত আন্দোলনকারী সন্দেহে আরএসএস-এর তাত্ত্বিক নেতা তথা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাকেশ সিংহকে গ্রেফতার আটক করল পুলিশ। পরে অবশ্য ভুল বুঝতে পেরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর এই অধ্যাপক বলেছেন, ‘আমি পুলিশকে বলেছি, একজন মানুষের মৌলিক মানবাধিকার ও মর্যাদার বিষয়টি মাথায় রাখা উচিত।’ রাকেশ জানিয়েছেন, ‘সোমবার সন্ধেয় আমি নয়ডা ফিল্ম সিটিতে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম। সেই সময়ই আমাকে আটক করে পুলিশ। আমাকে একটি জিপে তোলা হয়। নয়ডার সেক্টর ২০ থানার স্টেশন হাউস অফিসারের নেতৃত্বে আটজন পুলিশকর্মী ছিলেন। তাঁরা অশ্রাব্য গালিগালাজ করছিলেন। আমি যখন প্রশ্ন করি, আমাকে কেন আট করা হল? তখন তাঁরা বলেন, আমি চলে যেতে পারি। পরে পুলিশ বলে, আমাকে দলিত আন্দোলনকারী ভেবে আটক করা হয়েছিল।’ ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই ঘটনার কথা জানান রাকেশ। এরপরেই অভিযুক্ত স্টেশন হাউস অফিসার অনিল কুমার শাহিকে সাসপেন্ড করা হয়েছে। এ কথা জানার পর মোদী ও আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন রাকেশ।