মোবাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার যোগের সময়সীমা অনির্দিষ্টকাল বাড়াল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda | 13 Mar 2018 05:07 PM (IST)

নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই ঘোষণা করেছে। ৩১ মার্চ আধার সংযুক্তিকরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সর্বোচ্চ আদালত যাঁরা এখনও বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার জন্য আধার নম্বর যুক্ত করেননি, তাঁদের আরও সময় দিল আজকের সিদ্ধান্তে। আধার বাধ্যতামূলক করার আগের সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ করে পেশ হওয়া একগুচ্ছ পিটিশনের ওপর ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ যতদিন না চূড়ান্ত রায় ঘোষণা করছে, ততদিন সংযু্ক্তিকরণ চলবে বলে অন্তর্বর্তী রায়ে জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে পেশ হওয়া সব পিটিশনে আধারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আজ শীর্ষ আদালত বলেছে, একমাত্র ভরতুকি বাদে বাকি কোনও ব্যাপারেই আধার সংযুক্তির জন্য চাপ দেওয়া যাবে না সাংবিধানিক বেঞ্চের রায় বেরনো পর্যন্ত। সর্বোচ্চ আদালত বলেছে, তৎকাল পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রেও আধার নম্বর যুক্ত করতে বাধ্য করতে পারে না সরকার। গত ১৫ ডিসেম্বর সর্বোচ্চ আদালত মোবাইল ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার জুড়ে দেওয়ার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছিল।