ভোপাল: মিড ডে মিল খাওয়ার সময় বেশি ডাল চাওয়ায় প্রথম শ্রেণির পড়ুয়ার ওপর গরম ডাল ঢেলে দিল ক্ষিপ্ত রাঁধুনি। গুরুতর জখম ওই শিশু। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশে।
খবরে প্রকাশ, গত সপ্তাহে ডিন্ডোরিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্নভোজনে মিড ডে মিল খাওয়ার সময় আরেকবার ডাল চায় প্রিন্স মেহরা নামে ওই পড়ুয়া।
শিশুর ঠাকুমা জানান, প্রিন্সের অনুরোধে এতই ক্ষিপ্ত হয়ে যান স্কুলের রাঁধুনী নেমবতী বাঈ যে তিনি গরম ডাল তার ওপর ছুঁড়ে মারেন। গরম ডালে শিশুর মুখ, বুক ও পিঠ পুড়ে যায় বলে অভিযোগ।
পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
