নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর কাছে যোগী আদিত্যনাথের নামে নালিশ উত্তরপ্রদেশের দলিত বিজেপি সাংসদের। ইনি উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জের এমপি ছোটে লাল খারোয়ার। মোদীকে চিঠি লিখে আদিত্যনাথ প্রশাসন তাঁর প্রতি বৈষম্য করছে, তাঁর অভিযোগের ব্যাপারে বিন্দুমাত্র কর্ণপাত করছে না, তাঁকে 'বকঝকা করে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে' বলে দাবি করেছেন তিনি। খারোয়ার লিখেছেন, আদিত্যনাথ ক্ষমতায় আসার পর তিনি ভেবেছিলেন, এবার বোধহয় তাঁর সংসদীয় কেন্দ্রের নিকটবর্তী চান্দাউলি জেলা প্রশাসন, বন দপ্তরে বেলাগাম দুর্নীতি বন্ধ হবে। কিন্তু বাস্তবে কিছু তো হয়ইনি, উপরন্তু তাঁর নিজের জমিকেই দখল করা জঙ্গলের জমি বলে দেখিয়ে দিয়েছে প্রশাসন। এ নিয়ে তিনবার দলের রাজ্য সভাপতি মহেন্দ্র নাথ পান্ডের সঙ্গে দেখা করেও লাভ হয়নি। সুনীল বনশল নামে আরেক দলীয় নেতার কাছেও গিয়েছিলেন, কিন্তু সাহায্য পাননি। দলীয় নেতাদের সাহায্য চাওয়ায় তিনি বেশ কয়েকবার খুনের হুমকি পেয়েছেন, কিন্তু পুলিশ অভিযোগ নিতে চায়নি। বাধ্য হয়ে তিনি তফসিলি জাতি ও উপজাতিদের জন্য গঠিত জাতীয় কমিশনের দ্বারস্থ হয়েছেন। প্রধানমন্ত্রী অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি খারোয়ারের। তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে গ্রেফতারির বিধি শিথিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে, এতে তাদের বিপদ বাড়বে, এই অভিযোগ ও আশঙ্কায় দেশব্যাপী দলিত বিক্ষোভে ১১ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে মোদীর নিজের দলের ওই এমপি তাঁকে চিঠিতে ক্ষোভ জানালেন।