১ এপ্রিল থেকে তাজমহলে ঢোকার ফি বেড়ে ৫০ টাকা, থাকা যাবে ৩ ঘন্টা পর্যন্ত, মূল সৌধ দেখতে লাগবে ২০০ টাকার আলাদা টিকিট
Web Desk, ABP Ananda | 13 Feb 2018 07:01 PM (IST)

নয়াদিল্লি: ১ এপ্রিল থেকে তাজমহল দর্শনের খরচ বাড়ছে। এন্ট্রি ফি বাড়ছে। এখন মূল সৌধে ঢুকতে গেলে আলাদা ফি লাগে না, এবার লাগবে। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা আজ সাংবাদিক সম্মেলনে বলেন, আগামী প্রজন্মের জন্য তাজমহলকে রক্ষা করা প্রয়োজন। ৪০ টাকার টিকিটের পরিবর্তে এবার ৫০ টাকা দিয়ে নতুন বারকোড বসানো টিকিট কাটতে হবে প্রত্যেক দর্শনার্থীকে। সেই টিকিটে সেখানে থাকা যাবে তিন ঘন্টা। এছাড়া তাজমহলের মূল সৌধ দেখতে গেলে এখন ২০০ টাকার আলাদা টিকিট কাটতে হবে। ওই জায়গার সুরক্ষা সুনিশ্চিত করতে, দর্শনার্থীদের ভিড় ঠিকঠাক সামলাতেই এই পদক্ষেপ বলে জানান মহেশ। পাশাপাশি তিনি ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (নিরি) এর সাম্প্রতিক এক রিপোর্টেরও উল্লেখ করেন যাতে তাজমহলের ভার বহনের ক্ষমতা সম্পর্কে পরীক্ষা করে সুপারিশ করা হয়েছে যে, এই ঐতিহাসিক সৌধের কাঠামো অটুট রাখতে তার সিঁড়ির সংখ্যা কমানো হোক। সম্প্রতি সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে চার সপ্তাহের মধ্যে তাজমহলের ভবিষ্যত্ সুরক্ষায় কী ভাবছে তারা, তা জানাতে বলেছে। মহেশ বলেন, দৈনিক দর্শনার্থী সংখ্যার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়াটা বাস্তবসম্মত নয় বলে আমাদের মনে হয়েছিল। কিন্তু কিছু না কিছু পদক্ষেপ তো করতেই হবে। টিকিটের দাম বৃদ্ধির লক্ষ্য বেশি রাজস্ব আদায় নয়, শুধু এটাই সুনিশ্চিত করা যে, প্রকৃত আগ্রহী মানুষজনই তাজমহলে আসবেন। মহেশ আরও জানান, তাজমহলে ঢোকার জন্য যে বিদেশি পর্যটকরা ১২৫০ টাকা দেবেন, তাঁদের যত্নআত্তির খাতিরে বিশেষ ব্যবস্থা নিয়েছে তাঁর মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক, পথ পরিবহণ মন্ত্রকের সহযোহিতায় তাঁদের জন্য আগরা রেল স্টেশন থেকে তাজমহল পর্যন্ত নিরাপদ করিডর তৈরি হবে, বসবে আলাদা লাইন, শৌচাগার। পাশাপাশি তাজমহলের আশপাশে 'লপকা কালচার' অর্থাত্ দালালদের 'বাড়াবাড়ি' বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরকার ইতিমধ্যে কথা বলেছে বলেও জানান তিনি। দালালদের 'ঝামেলা' বলে মন্তব্য করেন তিনি। জানান, তাজমহলের আশপাশে ঘুরে বেড়ানো দালাল, টাউটদের হাতে দর্শনার্থীদের হয়রানি বন্ধ করার উপায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে তাঁরা কথা বলেছেন, আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও। দেশি, বিদেশি পর্যটকদের গায়ে হাত দেওয়া, স্পর্শ করাও অপরাধ বলে দেখা হতে পারে এবার থেকে। টাউটদের সংগঠিত অপরাধের নিয়ে আসা হতে পারে।