নয়াদিল্লি: ভারতে অদূর ভবিষ্যতে বিদ্যুৎচালিত গাড়ি নিয়ে বিভিন্ন সংস্থার মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে। টাটার চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁরা দেড় বছরের মধ্যে নেক্সনের বৈদ্যুতিক সংস্করণ বাজারে আনতে চলেছেন। এছাড়া অলট্রোজ, টিগর সহ আরও তিনটি বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে টাটা। মাহিন্দ্রাও কেইউভি-র বিদ্যুৎচালিত সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছে। মারুতিও একই পথে হাঁটতে চলেছে। নেক্সনের বৈদ্যুতিক সংস্করণের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, অলট্রোজের মতোই নেক্সনেও লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারিতে ২৫০ থেকে ৩০০ কিমি পর্যন্ত গাড়ি চালানো যেতে পারে। এক ঘণ্টার মধ্যে ব্যাটারির চার্জ ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে। টাটা নেক্সনের দাম অলট্রোজের চেয়ে বেশি হতে পারে। নেক্সনের দাম ১০ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। ২০২০ সালের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে অলট্রোজ। টিগর এখনও পর্যন্ত শুধু সরকারি সংস্থাগুলিকেই বিক্রি করা হয়। তবে ভবিষ্যতে এই গাড়ি সবার জন্যই বিক্রি করা হতে পারে বলে জানা গিয়েছে। টাটার চতুর্থ বৈদ্যুতিক গাড়িটির নাম এখনও ঠিক হয়নি। মাহিন্দ্রার বৈদ্যুতিক কেইউভি এ বছরই বাজারে আসতে পারে। ২০২০ সালের মাঝামাঝি সময়ে এক্সইউভি ৩০০ বাজারে আসতে পারে। এমজি মোটর ও মারুতি সুজুকিও বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আনছে।