তিন নির্বাচন কমিশনারের বেতন আড়াই গুণেরও বেশি বেড়ে হল ২.৫০ লক্ষ টাকা
Web Desk, ABP Ananda | 14 Feb 2018 07:22 PM (IST)

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের বিচারপতি ও হাইকোর্টগুলির প্রধান বিচারপতিদের মতোই এবার থেকে প্রতি মাসে ২.৫০ লক্ষ টাকা করে বেতন পাবেন নির্বাচন কমিশনের প্রধান সহ তিন কমিশনার। এতদিন তাঁদের বেতন ছিল ৯০ হাজার টাকা। বর্ধিত বেতন কার্যকর হবে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররাও এই সুবিধা পাবেন। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এ বছরের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ও হাইকোর্টগুলির প্রধান বিচারপতিদের বেতন বাড়ানোর কথা ঘোষণার পরেই নির্বাচন কমিশন একই নীতি নিয়েছে।