নকল রুখতে অভিযান, উত্তর প্রদেশে বোর্ডের পরীক্ষা না দিয়ে চলে গেল ৫ লক্ষ পরীক্ষার্থী
Web Desk, ABP Ananda | 08 Feb 2018 05:15 PM (IST)

লখনউ: উত্তর প্রদেশে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার প্রথম দু’দিন নকল রোখার জন্য ব্যাপক অভিযানের জের, মাঝপথেই পরীক্ষা হল ছেড়ে চলে গেল পাঁচ লক্ষেরও বেশি পড়ুয়া। এক আধিকারিক এই খবর জানিয়েছেন। অতীতে বরাবর পরীক্ষায় সময় নকলের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এবার কঠোর ব্যবস্থা নিয়েছে উত্তর প্রদেশ সরকার। তার ফলেই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী হিন্দি, হোম সায়েন্স সহ কয়েকটি পরীক্ষা দেয়নি বলে জানিয়েছেন এক আধিকারিক। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী দীনেশ শর্মা বলেছেন, ‘আমরা এবার শিক্ষাব্যবস্থায় যোগ্যতার বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর। পরীক্ষায় কাউকে নকল, প্রতারণা বা অন্যায় করতে দেওয়া হবে না। সরকারের নির্দেশ ঠিকমতো পালন করা হচ্ছে কি না সেটা দেখার জন্য পরীক্ষা হলগুলিতে আচমকা পরিদর্শন করা হচ্ছে। পরীক্ষা হলগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। অবাধ ও ন্যায্য পরীক্ষা নিশ্চিত করার জন্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।’