ভদোদরায় পানিপুরী বিক্রির উপর নিষেধাজ্ঞা, কেন জানুন
Web Desk, ABP Ananda | 28 Jul 2018 09:59 PM (IST)

নয়াদিল্লি: গুজরাতের ভদোদরা শহরে পানিপুরী বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হল। এ বিষয়ে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পানিপুরী বিক্রেতারা পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দেন না। ভদোদরায় জলের কারণে বিভিন্ন রোগ ছড়াচ্ছে। এই কারণেই স্বাস্থ্য বিভাগ পানিপুরী বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ভদোদরা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বিভিন্ন অঞ্চলে ৫০-এরও বেশি পানিপুরী বিক্রেতার জিনিসপত্র পরীক্ষা করে দেখেছেন। ৪,০০০ কিলো পুরী, ৩,৩৫০ কিলো আলু, ২০ কিলো তেল ও ১,২০০ কিলো জল বাজেয়াপ্ত করে ফেলে দেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখার অভিযোগে পানিপুরী বিক্রেতাদের নোটিস দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, জলবাহিত রোগে বহু মানুষ আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত এই রোগের মোকাবিলা করার উপায় খুঁজে বার করা যায়নি। সেই কারণেই রাস্তার খাবারের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হচ্ছে। গত ২০ দিনে ১,৭০০ কিলো চিকেন, পানিপুরী, চানা, আলু, ন্যুডলস সহ বিভিন্ন খাবার নষ্ট করে ফেলা হয়েছে। এছাড়া পানিপুরীর সঙ্গে দেওয়া ৩,২০০ কিলো জলও ফেলে দেওয়া হয়েছে।