মুম্বই : আরপিএফের কনস্টেবলের তত্পরতায় প্রাণে রক্ষা পেল সাত বছরের একটি ছেলে। মুম্বইয়ের নাইগাঁও স্টেশনে ওই পুলিশ কর্মীর সময়োচিত তত্পরতায় রক্ষা পেল ছেলেটি। পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি-তে। নাইগাঁও স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে মোতায়েন ছিলেন কনস্টেবল সুনীল কুমার নাপা। গত ২ ফেব্রুয়ারি সময় তখন রাত প্রায় নটা। সিসিটিভি-তে দেখা গিয়েছে, স্টেশনে ঢুকল চার্চগেটগামী একটি ট্রেন। ওই সময় মায়ের সঙ্গে ওঠার সময় ট্রেনটি ছেড়ে দেয়। ছেলেটি পা পিছলে প্ল্যাটফর্মে পড়ে যায়। তার মা তখন ট্রেনের কর্পার্টমেনেটে উঠে পড়েছেন। কাছেই দাঁড়িয়ে ছিলেন সুনীল কুমার। বিন্দুমাত্র দেরী না করে বিদ্যুত গতিতে ছুটে গিয়ে ছেলেটিকে ধরে ফেলেন তিনি। আর সামান্য সময় দেরী হলে ছেলেটি প্ল্যাটফর্ম ও ট্রেনের ফাঁক গড়ে নিচে রেললাইনে পড়ে যেতে পারত সে। কিন্তু কনস্টেবল সুনীল কুমারের চেষ্টায় রক্ষা পায় সে। প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরাও ছেলেটিকে পড়ে যেতে প্রথমে হতভম্ব হয়ে পড়েন। তারপর তাঁরাও ছেলেটির দিকে এগিয়ে আসেন। যাঁর তত্পরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ছেলেটি সেই কনস্টেবলকে তাঁর 'অনন্য সাধারণ সাহসিকতা ও মানবিকতা'র জন্য পুরস্কৃত করেছে পশ্চিম রেলওয়ে। তাঁর 'উপস্থিত বুদ্ধি, কর্তব্যবোধ ও তত্পরতা'র জন্য একটি সংশাপত্রও দিয়েছে রেলওয়ে। ওই ছেলেটি ও তার মাকে সাহায্য করতে যে যাত্রীরা এগিয়ে এসেছিলেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছে রেলওয়ে।