নয়াদিল্লি: হ্যাক করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রকের সরকারি ওয়েবসাইট। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এর নেপথ্যে চিনা হ্যাকাররা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ, ওয়েবসাইটে চিনা চিহ্নের হদিশ মিলেছে।
প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি নজরে আসতেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওয়েবসাইটকে নিজের জায়গায় ফিরিয়ে আনার কাজ করছে ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার। এই সংস্থাই ওয়েবসাইটটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ টুইটারে জানান, ভবিষ্যতে এধরনের ঘটনা রুখতে যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হবে।
https://twitter.com/nsitharaman/status/982223129878544384এদিকে, কাকতালীয়ভাবে এদিনই বন্ধ হয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও কেন্দ্রীয় আইনমন্ত্রকের ওয়েবসাইটও। যদিও, সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে কোনও হ্যাকিংয়ের অভিযোগ করা হয়নি। তবে, একসঙ্গে তিনটি সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে পড়ায় সন্দেহ জাগে সকলের মনে।
তবে, জাতীয় সাইবার নিরাপত্তা প্রধান গুলশন রাই জানিয়ে দেন, কোনও হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি। স্রেফ হার্ডওয়্যার সমস্যার জন্যই এই সাইটগুলি সাময়িক বন্ধ হয়েছে। তিনি বলেন, হার্ডওয়্যার সমস্যার কারণে দুপুর থেকে ওয়েবসাইটগুলি বন্ধ হয়। সেই সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।
