পটনা: তিন রাজ্যে বিজেপির হারকে ইস্যু করে নীতীশ কুমারকে কটাক্ষ তেজস্বী যাদবের। জানতে চাইলেন, ২০১৯ এর সাধারণ নির্বাচনে কোনও চ্যালেঞ্জের মুখেই পড়বেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নীতীশ কি তাঁর এই আগের অবস্থান থেকে এবার সরে আসবেন? গতকালের ৫ রাজ্যের ভোটগণনার ফলাফলে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেসের কাছে হেরেছে বিজেপি। বিহারে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-র সঙ্গে আঁতাত রয়েছে কংগ্রেসের। আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের শরিক কংগ্রেস। এই প্রেক্ষাপটেই লালু-পুত্র তেজস্বী কটাক্ষ করে বিহারের জেডি (ইউ) মুখ্যমন্ত্রী নীতীশকুমারের উদ্দেশ্যে বলেন, শিবির বদলে এনডিএ-তে সামিল হয়েই নীতীশকুমার বলেছিলেন, মোদিকে চ্যালেঞ্জ করার মতো যোগ্য কেউই নেই। অত্যন্ত বিনয়ের সঙ্গে নীতীশ কুমারকে প্রশ্ন করছি, এখন এ নিয়ে আপনার কী মত। নিজের বিবেকের মত শুনে এবার কি ওই ধারণা সম্পূর্ণ বদলানোর কথা ভাববেন? কী বলেন চাচাজি? ট্যুইটে নীতীশকে এই কটাক্ষ করেছেন বিহার বিধানসভার বিরোধী নেতা। ২০১৭-য় আরজেডি, কংগ্রেসের জোট ছেড়ে বেরিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে ফেরেন নীতীশ, ওই দুদলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বলেন, এখন প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ করার শক্তি কারও নেই।