সাগর (মধ্যপ্রদেশ): মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজের রাজ্য মধ্যপ্রদেশের তুলনা টানলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তাঁর দাবি, আমেরিকার চেয়ে আরও ভাল হবে মধ্যপ্রদেশের শহরগুলি।
একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শিবরাজ দাবি করেন, আগামী পাঁচ বছরে রাজ্যের শহরগুলি সবচেয়ে পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত হবে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার শহরগুলিকে আরও আধুনিক করার প্রয়াস ক্রমাগত চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন শিবরাজ। চলতি বছর, সেখানে বিধানসভা নির্বাচন হতে চলেছে। অনুষ্ঠানে তিনি ১৪ হাজার কোটি টাকা মূল্যের নগরোন্নয়ন প্রকল্পের সূচনা করেন।
এমন প্রথম নয় যে মার্কিন মুলুকের সঙ্গে মধ্যপ্রদেশের তুলনা টানলেন শিবরাজ। গত বছর অক্টোবর মাসে ওয়াশিংটনে একটি সম্মেলনে যোগ দিতে গিয়েও সেই সময় মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তাঁর রাজ্যের রাস্তা মার্কিন মুলুকের চেয়েও ভাল।
