ওনার লজ্জা হওয়া উচিত, ১০ বার বলব 'ভারত মাতা কি জয়'! রাহুলকে পাল্টা মোদির
Web Desk, ABP Ananda | 04 Dec 2018 08:10 PM (IST)
জয়পুর: রাহুল গাঁধীর কটাক্ষের পাল্টা নরেন্দ্র মোদির। কংগ্রেস সভাপতি রাজস্থানের আলোয়ারে এক নির্বাচনী জনসভায় মোদিকে নিশানা করে বলেন, প্রতিটি সভায় ভাষণে উনি ভারত মাতা কী জয় বলেন, কিন্তু বাস্তবে শিল্পপতি অনিল অম্বানির স্বার্থ দেখেন। তাই ওনার অবশ্যই উচিত অনিল অম্বানি কি জয়, মেহুল চোকসি কি জয়, নীরব মোদি কি জয়, ললিত মোদি কি জয় বলে ভাষণ শুরু করা। জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীও। শিকারে জনসভায় বলেছেন, কংগ্রেসে একজন নামদার আছেন। তিনি আজ ফতোয়া দিয়েছেন, মোদিজির ভারত মাতা কি জয় বলে নির্বাচনী সভায় ভাষণ শুরু করা উচিত নয়। আর তাই আমি এখান লাখ লাখ মানুষের সামনে সেই ফতোয়া চূর্ণ করে দশবার ভারত মাতা কি জয় বলছি। রাহুলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার এজন্য লজ্জা হওয়া উচিত। স্বাধীনতা সংগ্রামীরা ভারত মাতা কি জয় বলে মৃত্যুবরণ করতেন। আমাদের সেনা জওয়ানরা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ভারত মাতা কি জয় বলেন। আর আপনি ভারত মাতা-র অপমান করছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলতের কে কোটিপতি হবেন, সেটা কে বলতে পারে, এই মন্তব্যেরও নিন্দা করেন প্রধানমন্ত্রী। কংগ্রেস রাজস্থানে জিতলে কে প্রধানমন্ত্রী হবেন, জানতে চাওয়া হলে ওই মন্তব্য করেন গেহলত। মোদি বলেন, এই মন্তব্যেই কংগ্রেসের প্রকৃত মানসিকতা ফুটে ওঠে। দেশের যাবতীয় সমস্যার জন্য কংগ্রেসকেই দায়ী করে তিনি বলেন, রাজস্থানে কয়েকশো বছর ওদের ঢুকতে দেওয়া উচিত নয় রাজ্যবাসীর। এদিকে তিনি আরও বলেন, কংগ্রেস ধর্ষণ মামলায় জেলবন্দি লোকজনের পরিবারের সদস্যদের প্রার্থী করেছে,তাই মহিলাদের উচিত নয় কংগ্রেসকে ভোট দেওয়া। সম্ভবত গেহলত মন্ত্রিসভার সদস্য মহিপাল মাদেরনা ও প্রাক্তন বিধায়ক মালখান বিশনইয়কে ইঙ্গিত করে এটা বলেন মোদি। দুজনেরই ভানওয়ারি দেবী অপহরণ, খুন মামলায় বিচার চলছে। মাদেরনার মেয়ে, বিশনইয়ের ছেলেকে এবার টিকিট দিয়েছে কংগ্রেস।