পরিবারের অমতে কাজ করতে যাওয়ায় রাজস্থানে এক মহিলাকে কুপিয়ে খুন স্বামীর কাকার
Web Desk, ABP Ananda | 16 Mar 2018 05:08 PM (IST)

আলোয়ার: পরিবারের লোকজনের আপত্তি অগ্রাহ্য করে চাকরি করতে যাওয়ায় কুপিয়ে খুন করা হল এক মহিলাকে। নৃশংস এই ঘটনা ঘটেছে রাজস্থানের আলোয়ারে। ওই মহিলাকে খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর কাকার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ আধিকারিক সুরেন্দ্র মালিক জানিয়েছেন, খুন হওয়া মহিলার নাম ঊষা দেবী (৩২)। তিনি একটি কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী মুকেশ রাজপুতের আপত্তি না থাকলেও, পরিবারের অন্যদের এই চাকরি করতে যাওয়া নিয়ে ঘোর আপত্তি ছিল। বিশেষ করে মুকেশের কাকা মাম রাজ (৬০) বাড়ির মহিলাদের বাইরে কাজ করতে যাওয়ার বিরোধী। তাঁর মতে, এটা রাজপুতদের আদর্শের পরিপন্থী। এর আগে একবার ঊষা যে কারখানায় কাজ করতেন সেখানে গিয়ে ঝামেলা করেন মাম। সেবার মুকেশ গিয়ে পরিস্থিতি সামাল দেন। তবে গতকাল যখন কাজে যাচ্ছিলেন ঊষা, তখন রাস্তায় তাঁকে তলোয়ারের কোপ মারেন মাম। এর ফলে ঊষার মৃত্যু হয়। এক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, ‘ঊষাদের পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না। তাই দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই মুকেশের পাশাপাশি ঊষাও চাকরি করতেন। মুকেশ এ বিষয়ে তাঁর স্ত্রীর পাশে ছিলেন। কিন্তু মাম বরাবরই ঊষার চাকরি করা নিয়ে আপত্তি জানাতেন। ঊষা প্রথমে একটি স্কুলে চাকরি করতেন। সেখানে গিয়ে ঝামেলা করেন মাম। ফলে ঊষাকে বরখাস্ত করা হয়। এরপর তিনি একটি কারখানায় কাজ করা শুরু করেন। কিন্তু এটাও মেনে নিতে পারেননি মুকেশের কাকা। তিনি একাই থাকতেন। তিনি কোনও কাজ করতেন না। ফলে আর্থিক অবস্থা ভাল ছিল না। বেশ কিছু জমি ও সম্পত্তি বিক্রি করে দিতে বাধ্য হন মাম। তিনি অন্যদের কাজ করাও সহ্য করতে পারতেন না। সেই কারণেই ঊষাকে খুন করেছেন।’