নয়াদিল্লি: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন। ঝড় তুলেছিলেন রাজধানীর বুকে। AISA-র প্রেসিডেন্ট নেহা বরা নিজের লিঙ্গপরিচয় নিয়েও অকপট। জানিয়ে দিলেন, নিজেকে নারী মনে করেন না তিনি। ‘নন-বাইনারি’ গোত্ররে মানুষ মনে করেন নিজেকে। (Neha Bora)
Peek TV-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাবে নিজের অবস্থান জানিয়েছেন নেহা। জানিয়েছেন, তাঁকে ছাত্রনেত্রী, সভানেত্রী বলে উল্লেখ করেন অনেকেই। লিঙ্গপরিচয় সম্পর্কে সচেতন নয় বলেই ওই ভাবে সম্বোধন করা হয় তাঁকে। কিন্তু তিনি নিজেকে নারীর গোত্রে ফেলেন না। ইংরেজিতে তাঁর নামের পাশে She লেখা হলেও, তিনি They/Them সর্বনাম ব্যবহার করেন। (Non Binary Identity)
নেহাকে যখন ছাত্রনেত্রী, সভানেত্রী বলা হয়, তাতে তাঁর মনের উপর কী প্রভাব পড়ে, জানতে চাওয়া হয়েছিল। উত্তরে নেহা বলেন, “এটা হতেই থাকে। আমি বিষয়টা মেনেও নিয়েছি। কখনও She বলা হয়, বুঝতে পেরে আবার ভুল শুধরেও নেওয়া হয়। নন-বাইনারি মানুষের জীবনে সর্বনামের গুরুত্ব বুঝতে সময় সময় লাগে মানুষের। বুঝি সেটা।” (Neha Bora on Gender Identity)
আরও পড়ুন: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
নেহা আরও বলেন, “এটা রাজনৈতিক অ্যাজেন্ডাও। তাই আমি সাক্ষাৎকার দেওয়ার সময়, কথা বলার সময়, আমি বলিও। তাই একটি প্রতিবেদনে Woman লেখার পরিবর্তে Person লেখা হয়েছিল আমার কথাতেই। জ্ঞানেশ কুমারের পদত্যাগের মতো এটাও রাজনৈতিক বিষয়। বিষয়টি সকলের জন্যই সহজ হওয়া দরকার। তাতে কিছুটা সফল হয়েছি। তবে সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই।”
ভারতের মতো দেশে লিঙ্গপরিচয় নিয়ে সচেতনতার অভাব রয়েছে। পৃথিবীর উন্নত দেশগুলির জায়গায় পৌঁছতে যে সময় লাগবে, তা বোঝা যায় স্পষ্ট। নারী বা পুরুষের বাইরে অন্য লিঙ্গের মানুষদের ক্ষেত্রে সঠিক সর্বনামের গুরুত্ব কী, তা আজও ভাবনার মধ্য়েই পড়ে না সিংহভাগ মানুষের। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নেহার অবস্থান মন জিতে নিয়েছে অনেকেরই।
আরও পড়ুন: বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, ঠিক কোন বিষয়টি ভাবাচ্ছে ভারতকে? ঢাকার থেকে কী আশ্বাস চায় দিল্লি?
সমাজের বৃহত্তর অংশে লিঙ্গপরিচয় মূলত দুই প্রকারের, নারী এবং পুরুষ, যাকে ইংরেজিতে জেন্ডার বাইনারি বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে লিঙ্গপরিচয় দু’টি সর্বনামের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু যে বা যাঁরা নিজেকে নারী বা পুরুষ কোনওটাই মনে করেন না, ওই দুই লিঙ্গপরিচয়ের বাইরে নিজেদের স্বতন্ত্র পরিচয়ে পরিচিত হতে চান। নামের পাশে ইরেজির He/Him/His/She/Her/Hers-এর মতো সর্বনাম ব্য়বহারে আপত্তি রয়েছে তাঁদের। They/Them/Their ব্যবহারের পক্ষপাতী তাঁরা।