নয়াদিল্লি: ভয়াবহ বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত নেপাল। প্রতিবেশী দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে জোরদার তৎপরতা শুরু করেছে ভারত সরকার। এখনও ৩১৫-র বেশি ভারতীয়র সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে প্রায় ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

Continues below advertisement

শুক্রবার দিল্লিতে উদ্ধার হওয়া ভারতীয়দের একটি দলের সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী। Kailash Mansarovar তীর্থযাত্রায় যাওয়া ২১ জন ভারতীয় নেপালের ভয়াবহ বন্যার মধ্যে আটকে পড়েছিলেন। তাঁদের নেপাল আর্মি উদ্ধার করে প্রথমে কাঠমান্ডুতে নিয়ে আসে। এরপর ভারতীয় দূতাবাসের উদ্যোগে তাঁদের দেশে ফেরানো হয়।

নেপাল আর্মির প্রশংসা জয়শঙ্করের

Continues below advertisement

উদ্ধার হওয়া ভারতীয়দের সঙ্গে দেখা করার পর নেপাল আর্মির ভূমিকার প্রশংসা করেন এস জয়শঙ্কর। তিনি জানান, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে নেপাল আর্মি এই ২১ জনকে উদ্ধার করেছে। পরে কাঠমান্ডু থেকে তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করে ভারতীয় দূতাবাস। বিদেশমন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ভারতীয়রা বিশেষ করে নেপাল আর্মির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অত্যন্ত দুর্গম ও কঠিন পরিস্থিতি থেকে তাঁদের বের করে আনার জন্য নেপালের সেনার এই প্রচেষ্টা ছিল গুরুত্বপূর্ণ। এখনও যোগাযোগ নেই ৩১৫-র বেশি ভারতীয়র সঙ্গে

নেপালে এখনও বহু ভারতীয় আটকে রয়েছেন

জয়শঙ্কর জানিয়েছেন, ৩১৫-র কিছু বেশি ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ এবং যোগাযোগ স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই প্রায় ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে সদ্য দেশে ফেরা ২১ জনও রয়েছেন। ভারতের কাছে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ হল দুর্গম এলাকায় আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করা এবং তাঁদের নিরাপদে ফিরিয়ে আনা।

নেপাল থেকে ভারতে আসা তামিলনাড়ুর ২১ জন তীর্থযাত্রীর সঙ্গে শুক্রবার দেখা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, 'নেপালের কর্তৃপক্ষ এবং নেপালি বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। ২১ জনের যাত্রী দলকে নেপালি সেনাবাহিনী উদ্ধার করেছে। আমাদের পক্ষ থেকে নেপাল সরকারকে আমরা যেটুকু সহায়তা করতে পারি, তা করছি।'

নেপালকে সাহায্যের হাত ভারতের

শুধু ভারতীয়দের উদ্ধার নয়, নেপালের সামগ্রিক ত্রাণ ও উদ্ধার অভিযানেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। বিদেশমন্ত্রী জানিয়েছেন, তিনি নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নেপাল সরকারের কাছে একাধিক ধরনের সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে। নেপাল সরকার নিজেদের প্রয়োজন অনুযায়ী সেই সাহায্যগুলির মধ্যে থেকে বেছে নেবে। জয়শঙ্করের কথায়, এই মুহূর্তে ভারতের প্রধান লক্ষ্য হল নেপালের ত্রাণ ও উদ্ধার অভিযানে সাহায্য করা এবং সেখানে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা।

টানেলে আটকে পড়ার আশঙ্কা, যাচ্ছে বিশেষজ্ঞ দল

নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাছে কয়েকজন মানুষ টানেলের মধ্যে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত থেকে টানেল উদ্ধারে বিশেষজ্ঞ একটি দল পাঠানো হচ্ছে। দুর্গম জায়গায় উদ্ধারকাজ চালানোর ক্ষেত্রে এই বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে।

Bailey Bridge পাঠাচ্ছে ভারত

বন্যায় নেপালের যোগাযোগ ব্যবস্থার একাধিক জায়গায় সমস্যা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা দ্রুত সচল করতে ভারত Bailey Bridge পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এই ধরনের সেতু দ্রুত জোড়া লাগিয়ে তৈরি করা যায়। সেতুর পাশাপাশি প্রয়োজনীয় টিমও পাঠানো হচ্ছে। প্রয়োজনে মেডিক্যাল টিম পাঠানোর কথাও জানিয়েছে ভারত। নেপাল সরকার চাইলে NDRF-এর দলও পাঠানো হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। নেপালে ইতিমধ্যেই গিয়েছে ২টি ত্রাণবাহী বিমান। বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত নেপালের জন্য ভারত ইতিমধ্যেই ত্রাণ পাঠাতে শুরু করেছে। জয়শঙ্কর জানিয়েছেন, দুটি বিমান ইতিমধ্যেই ত্রাণসামগ্রী নিয়ে নেপালে পৌঁছেছে। শুক্রবার আরও একটি বিমান রওনা হওয়ার কথা। অর্থাৎ উদ্ধার অভিযান থেকে ত্রাণ, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠন—একাধিক ক্ষেত্রে নেপালকে সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে ভারত।

‘এখন ভারতের এক নম্বর অগ্রাধিকার নেপাল’

বিদেশমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এই মুহূর্তে নেপালের পরিস্থিতি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, নেপালের এই বিপর্যয়ে কীভাবে দ্রুত সাড়া দেওয়া যায়, কীভাবে ত্রাণ ও উদ্ধারকাজে সাহায্য করা যায় এবং সেখানে আটকে থাকা ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা যায়—এই বিষয়গুলিই এখন ভারতের ‘No. 1 priority’। তিনি আরও স্পষ্ট করেছেন, নেপালের উদ্ধার অভিযান মূলত নেপাল কর্তৃপক্ষ ও নেপাল বাহিনীই পরিচালনা করছে। ভারত তার জায়গা থেকে নেপাল সরকারকে যতটা সম্ভব সাহায্য করছে।