থরথর করে কাঁপল বাড়ি। দলে উঠল বহুতল। বাড়ির মধ্যে চেয়ার টেবিল দুমদাম গেল পড়ে। জলাধার থেকে চলকে পড়ল জল। মাথায় উপর আলোও দোদুল্যমান। আতঙ্কে শুরু হল ছোটাছুটি। দুয়ারে কি দাঁড়িয়ে মৃত্যুদূত? আতঙ্কে ছোটাছুটি শুরু হল। টেলিভিশনে লাইভ অনুষ্ঠান থেকে কোথাও কোথাও দৌড়ে বেরোলেন অতিথিরা। পালাও, পালাও চিৎকার ... তারই মধ্যে আবার অকুতোভয় হয়ে কোনও কোনও টিভি অ্যাঙ্কর লাইভ করে গেলেন। 

Continues below advertisement

শুক্রবার সন্ধে । দুলে উঠল পেরু। ভয়ঙ্কর কম্পন অনুভূত হল রাজধানী লিমায়। কম্পনের মাত্রা ৬.৮। 

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য পেরুর বিস্তীর্ণ এলাকা। কম্পনের প্রভাব অনুভূত হয় রাজধানী লিমাতেও। আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। নিরাপত্তার কারণে বেশ কয়েকটি জায়গা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এমনকী, ভূমিকম্পের পর পেরুর কংগ্রেস ভবন থেকেও আইনপ্রণেতাদের বেরিয়ে আসতে দেখা যায়।পেরুর ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, জুনিন অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রাজধানী লিমা থেকে এই অঞ্চলটি প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থিত। 

Continues below advertisement

ভূমিকম্পের পর প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। জুনিন প্রদেশের স্থানীয় পরিষদ সদস্য ভিসেন্তে কুইস্পে সংবাদমাধ্যম RPP-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত কর্তৃপক্ষের কাছে কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি। তাঁর কথায়, ওই এলাকায় এত শক্তিশালী ভূমিকম্প আগে অনুভূত হয়নি। এদিকে, ভূমিকম্পের পর সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে আপাতত সুনামি সতর্কতা জারি করা হয়নি। 

জুনিন অঞ্চল পেরুর অন্যতম গুরুত্বপূর্ণ খনি অঞ্চল। এখানে বেশ কয়েকটি মাঝারি আকারের খনি রয়েছে। তার মধ্যে অন্যতম তোরোমোচো তামার খনি। পেরুর অর্থনীতিতে খনি শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্বে তামা উৎপাদনকারী দেশগুলির মধ্যে পেরুর অবস্থান তৃতীয়। পেরু প্রশান্ত মহাসাগরীয় 'রিং অফ ফায়ার'-এর উপর অবস্থিত। এই অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। টেকটোনিক প্লেটের ক্রমাগত নড়াচড়ার কারণে এখানে প্রায়ই ভূমিকম্প হয়।

চলতি বছরের অগস্ট মাসেও পেরুর আন্দিজ পার্বত্য অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তাতে দু'জন আহত হন। ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক বাড়ি, স্বাস্থ্যকেন্দ্র ও স্কুল। তার আগে জুন মাসে জুনিন অঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্পে ছ'জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন আরও ৩০ জন।