কলকাতা : চার বছরেরও বেশি সময় পর দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল তেল সংস্থাগুলি। শুক্রবার থেকে জ্বালানির দামে লিটারপিছু ৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘদিন দাম স্থির থাকার পর আচমকা এই বৃদ্ধিতে চাপ বেড়েছে সাধারণ মানুষের উপর। সবচেয়ে বেশি প্রভাব পড়বে পরিবহণ, পণ্য সরবরাহ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের উপর। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগাতার বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continues below advertisement

কেন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম?

  মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।  তেলের সরবরাহে সমস্যা তৈরি হয়। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ দিয়ে তেল পরিবহণে বাধা পড়ায় তার প্রভাব পড়েছে গোটা বিশ্বের বাজারে। ভারত তার তেলের চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে মেটায়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই তার সরাসরি প্রভাব পড়ে দেশের জ্বালানির দামে।

ডিজেল মহার্ঘ্য, বাড়তে পারে নিত্যপণ্যের দাম

ডিজেলের দাম বৃদ্ধি মানেই শুধু গাড়ির খরচ বাড়া নয়। ট্রাক, পণ্যবাহী যান, কৃষিকাজ এবং কোল্ড স্টোরেজের বড় অংশ ডিজেলের উপর নির্ভরশীল। ফলে  বিভিন্ন ফল, সবজি ও নিত্যপণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  বিশেষজ্ঞদের মতে, শুধু পরিবহণ খরচ নয়, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার খরচও বাড়বে। তার প্রভাব পড়বে বাজারদরে।

Continues below advertisement

১৬ মে, শনিবার পেট্রোলের দাম (লিটার প্রতি)

শহরদাম
নয়াদিল্লি₹97.77
কলকাতা₹108.74
মুম্বই₹106.68
চেন্নাই₹103.67
গুরুগ্রাম₹98.42
নয়ডা₹97.97
বেঙ্গালুরু₹106.17
ভুবনেশ্বর₹104.16
চণ্ডীগড়₹97.27
হায়দরাবাদ₹110.85
জয়পুর₹107.75
লখনউ₹97.39
পাটনা₹109.06
তিরুবনন্তপুরম₹110.68

১৬ মে, শনিবার ডিজেলের দাম (লিটার প্রতি)

শহরদাম
নয়াদিল্লি₹90.67
কলকাতা₹95.13
মুম্বই₹93.14
চেন্নাই₹95.25
গুরুগ্রাম₹90.89
নয়ডা₹91.20
বেঙ্গালুরু₹94.10
ভুবনেশ্বর₹95.71
চণ্ডীগড়₹85.25
হায়দরাবাদ₹98.96
জয়পুর₹93.03
লখনউ₹90.69
পাটনা₹95.10
তিরুবনন্তপুরম₹99.45

রাজ্যভেদে কেন আলাদা দাম?

পেট্রোল ও ডিজেলের দাম সব রাজ্যে এক নয়। এর মূল কারণ হল VAT বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। প্রতিটি রাজ্য আলাদা হারে কর নেয়। সেই কারণেই দিল্লিতে যেখানে পেট্রোলের দাম ₹97.77, সেখানে হায়দরাবাদে তা পৌঁছে গিয়েছে ₹110.85-এ। একইভাবে ডিজেলের ক্ষেত্রেও কর কাঠামোর কারণে রাজ্যভেদে দামের বড় ফারাক দেখা যায়।

সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে

জ্বালানির দাম বাড়লে তার প্রভাব শুধু গাড়ির ট্যাঙ্কে সীমাবদ্ধ থাকে না। পরিবহণ ব্যয় বাড়ার ফলে বাজারে প্রায় সব পণ্যের দাম বাড়তে শুরু করে। ফলে এই মূল্যবৃদ্ধি আগামী দিনে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের।