নয়াদিল্লি: খায় না মাথায় দেয়, কয়েক বছর আগে পর্যন্ত জানতেন না কেউ। কিন্তু হিড়িক হোক বা আগ্রহ, উচ্চবিত্তদের ফ্রিজ থেকে মধ্যবিত্তের রান্নাঘরেও এখন পৌঁছে গিয়েছে অ্যাভোকাডো। এবার সেই অ্যাভোকাডোর গুণাগুণ বোঝালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ্যাভোকাডো স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, শুধু তাই নয়, অ্যাভোকাডো চাষেও উৎসাহিত করলেন সকলকে। (Narendra Modi on Avocado)

Continues below advertisement

সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে অ্যাভোকাডোর গুণাগুণ তুলে ধরেন মোদি। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেছেন তিনি, যাতে তাঁকে বলতে শোনা যায়, “স্বাস্থ্যের জন্য অ্যাভোকাডো কতটা উপকারী, আজ তা নিয়ে কথা বলব আমরা। আজকাল অ্যাভোকাডো বেশ জনপ্রিয়। আগে হয়ত কেউ জানতেনই না। এর মূল্যও ছিল না, চাহিদাও ছিল না তাই। কিন্তু আজকাল অহরহ ডাইনিং টেবিলে দেখা যায়। স্বাস্থ্যপ্রেমী মানুষের কাছে এবং বাজারে আজ যেমন জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাভোকাডো, তেমনই আমাদের কৃষক ভাইবোনেদের কাছেও।”

আরও পড়ুন: সত্যিই বেড়েছে জিডিপি? সন্দিহান রঘুরাম রাজন থেকে সুভাষ গর্গ, ‘বেকার লোকজন’ বলে পাল্টা আক্রমণ মোদির মন্ত্রীর

এ প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের এক কৃষকের কথা তুলে ধরেন মোদি। জানানস এক বন্ধু খামারে প্রথম অ্যাভোকাডো দেখেন ওই কৃষক। এর পর ইউটিউবে সেটি নিয়ে অনেক কিছু শেখেন। বর্তমানে ওই কৃষক প্রায় চার টন অ্যাভোকাডো ফলান, স্থানীয় দোকানে তা সরাসরি বিক্রি করেন এবং ভাল টাকা উপার্জন করেন বলে জানান মোদি। তিনি বলেন, “শহরের রেস্তরাঁয় অ্যাভোকাডো টোস্টের কথা শুনি আমরা। আর সেই অ্যাভোকাডোর মাধ্যমেই আমাদের কৃষকরা রোজগারের নতুন উপায় বের করেছেন। আপনাদের টোস্টের স্বাদও বেড়েছে, রোজগার বেড়েছে কৃষকদেরও।” মোদির ওই রিল ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সর্বত্র।

আরও পড়ুন: চাঁদের জন্ম মাত্র ৫ ঘণ্টায়? পৃথিবীর উপগ্রহ আসলে কার শরীরের অংশ? নয়া তথ্য় হাতে এল

অ্যাভোকাডো একটি পুষ্টিগুণে সমৃদ্ধ ফল। স্বাস্থ্যকর মনোআনস্যাচিওরেটেড অলিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণ জায়েটারি ফাইবার থাকে এতে। অ্যাভোকাডোয় থাকা হেলদি ফ্যাট অন্য শাকসবজি থেকে ভিটামিন এ, ডি, ই এবং কে শোষণের মাত্রা বৃদ্ধি করে। পাশাপাশি, অ্যান্টিঅক্সিড্য়ান্ট, লুটেইন, জিয়াজ্যানথিনের মতো উপাদান রয়েছে, যা বার্ধক্যজনিত চোখের সমস্যা দূর করে, হাড় মজবুত করে। 

বিদেশে বহু আগে থেকেই অ্যাভোকাডো খাওয়ার চল। ভারতের বাজারেও আজকাল অ্যাভোকাডো চোখে পড়ে। তবে ভাল অ্যাভোকাডোর যা দাম, তা সাধারণ মানুষের নাগালের বাইরে। কুইক কমার্স অ্যাপগুলিতে একটি অ্যাভোকাডোর দাম পড়ে প্রায় ১০০ টাকা। ফলে সাধারণ মধ্য়বিত্ত, নিম্নবিত্ত পরিবারের কাছে অ্যাভোকাডো আজও বিলাসিতাই।