সোমনাথ মিত্র, রানা দাস:প্রচারে এসে এবার আইপ্যাকে ইডির হানা এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির হওয়ার প্রসঙ্গ পাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের তৃণমূল সরকার তদন্তকারী সংস্থার কাজে বাধা হয়ে দাঁড়ায়, প্রমাণ লোপাটের চেষ্টা করছিল বলে মন্তব্য করলেন তিনি। এমনকি সুপ্রিম কোর্ট গালে ‘থাপ্পড়’ মেরেছে বলেও মন্তব্য় করলেন তিনি। (Narendra Modi on I-PAC Case)
কয়লা পাচার মামলার তদন্তে গত ৮ জানুয়ারি, আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় ইডি। তল্লাশি অভিযান চলাকালীন সেখানে পৌঁছে যান মমতা। সেখান থেকে ফাইল, ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন তিনি। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। বিধানসভা নির্বাচনেও এবার সেই নিয়ে পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে। (Mamata Banerjee)
আরও পড়ুন: ব্যবসায়ীর বাড়িতে ED তল্লাশি, ‘শ্রেয়া পান্ডের হাজব্যান্ড’, বলছেন বিজেপি-র তাপস রায়, জোর তরজা
আর সেই আবহেই তৃণমূলকে আক্রমণ করলেন মোদি। সরাসরি আইপ্যাকের নাম না করলেও, তদন্তে বাধাদান, প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন তিনি। বললেন, “এই নির্মম সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজেও বাধা হয়ে দাঁড়ায়। কয়লা কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট তৃণমূলকে জোর থাপ্পড় মেরেছে। আপনারা দেখেছেন, তৃণমূল তদন্তে বাধা তৈরি করছিল। আদালত এই ধরনের কাজকে গণতন্ত্রের জন্য বিপদ বলে উল্লেখ করেছে।”
তবে শুধু কলকাতায় আইপ্যাকের অফিসে অভিযান নয়, সম্প্রতি ED-র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের ভোটকুশলী সংস্থা I-PAC এর ডিরেক্টর ভিনেশ চান্ডেল। আচমকা আইপ্যাকের কর্মীদের ২০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যার নেপথ্যে ষড়যন্ত্র দেখতে পেয়েছেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, “ভোটের সময় প্রচার করতে আটকাচ্ছো আমাদের লোকদের। আমাদের একটি মাত্র এজেন্সি। তোমাদের হাজারটা, গোটা দেশ জুড়ে। তাদের বলছো বাংলা ছেড়ে চলে যাও। লজ্জা করে না?”
আরও পড়ুন: 'বিজেপি ভয়ঙ্কর, মমতাদিদিই বাঁচাতে পারেন', ভোটপ্রচারে এসে বললে অরবিন্দ কেজরিওয়াল
সংস্থার নাম মুখে না আনলেও, এদিন সেই আইপ্যাক ইস্যুতেই তৃণমূলকে আক্রমণ করলেন মোদি। তিনি জানান, ৪মে-র পর ক্ষমতায় এসে তৃণমূলের সব গুন্ডা, অত্যাচারী, দুর্নীতিগ্রস্তদের হিসেব করবে বিজেপি-র সরকার। ধরে ধরে সবার হিসেব নিকেশ হবে। তৃণমূল অস্ত যেতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। আর চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টে ফের আইপ্যাক মামলার শুনানি কয়েছে।
