নয়াদিল্লি : "স্যার, এটি ভুল মানচিত্র। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।" - অল্পবয়সী এক ভারতীয় কূটনীতিকের নম্র অথচ দৃঢ় বার্তা। একটি মাত্র বাক্য। এক বাক্যেই আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট করে দিলেন জম্মু-কাশ্মীপ নিয়ে ভারতের অটল অবস্থান। বিদেশের মাটিতে, সেমিনারের মাঝখানেই বাংলাদেশের প্রাক্তন কূটনীতিবিদের ভাষণ থামালেন ভারতের কন্যা।  তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা ঝা। বললেন, ‘এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, তাতে ভুল আছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এখানে যে মানচিত্র দেখানো হয়েছে, সেটা ভুল ! ’ ভুল মানচিত্রের বিরুদ্ধে এভাবেই দৃঢ় আপত্তি জানালেন ঢাকায় ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। তাঁর এই দৃঢ় অবস্থান মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ—এই অবস্থানেই বিশ্বাসী নয়াদিল্লি ও আসমুদ্র হিমাচল। জম্মু-কাশ্মীর একান্ত ভাবেই ভারতের, বিশ্বাস করে ভারত, ভারতবাসী। সেটাই দৃঢ় কণ্ঠে বোঝালেন পূজা।  একবারে আন্তর্জাতিক মঞ্চে দুঁদে বাংলাদেশী কূটনীতিককে থামিয়ে দিয়ে শুধরে দিলেন ভুল !  ঢাকায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি পূজা কুমারী ঝা এখন এই কারণে আলোতনায়। 

Continues below advertisement

শুক্রবার ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS)-এ "Rebuilding Trust, Renewing Regional Integration: Pathways for Revitalising SAARC" শীর্ষক এক সেমিনারে এই ঘটনা ঘটে। আলোচনায় বক্তব্য রাখছিলেন ভারতে বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার আহমেদ তারিক করিম। বক্তৃতার সময় একটি মানচিত্র প্রদর্শন করা হয়, যেখানে জম্মু ও কাশ্মীরকে ভারতের পরিবর্তে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয় ! মানচিত্রটি পর্দায় আসতেই তৎক্ষণাৎ আপত্তি জানান ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। তিনি সবার সামনে বলেন, "Sir, this is an incorrect map. Jammu and Kashmir is an integral part of India."

পূজা ঝার আপত্তির জবাবে আহমেদ তারিক করিম জানান, মানচিত্রটি শুধুমাত্র উপস্থাপনার সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে এবং এটি প্রকৃত আন্তর্জাতিক সীমারেখা তুলে ধরার উদ্দেশ্যে নয়। তবে সেই ব্যাখ্যার পরেও ভারতের অবস্থান আরও একবার স্পষ্ট করে দেন পূজা ঝা। তিনি বলেন, " আমি বুঝেছি। কিন্তু স্যর, জম্মু-কাশ্মীর ভারতের একান্ত নিজস্ব অংশ। আর এখানে সেটা ভুল দেখানো হয়েছে। তাই আমি এটা ধরিয়ে দিলাম I "

Continues below advertisement

এরপর আহমেদ তারিক করিম জানতে চান, তিনি ভারতের প্রতিনিধি কি না। নিজের পরিচয় দিয়ে পূজা ঝা জানান, তিনি ঢাকায় ভারতীয় হাই কমিশনের একজন আধিকারিক। জবাবে করিম বলেন, "Point noted." তারপর তিনি আবার নিজের বক্তব্য শুরু করেন। এই ঘটনায় আবারও স্পষ্ট হল, জম্মু ও কাশ্মীরের প্রশ্নে ভারতের সরকারি অবস্থান আন্তর্জাতিক মঞ্চেও একই রকম দৃঢ়। যে কোনও ভুল উপস্থাপনা বা বিভ্রান্তিকর মানচিত্রের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়ে নয়াদিল্লি বারবার জানিয়ে দিয়েছে—জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ। আর বাংলাদেশ এখন কতটা পাকিস্তানমুখী তাও বেশ কিছুটা স্পষ্ট এই মানচিত্র ব্যবহারের মাধ্যমে - মনে করছে বিশেষজ্ঞ মহল।