নয়াদিল্লি: SIR-এ ভূরি ভূরি অনিয়মের অভিযোগ। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে। সেই নিয়ে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরের সুর জন সুরাজ পার্টির প্রশান্ত কিশোরের গলাতেও। গত আট-১০ বছরে নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করলেন তিনি। সেই সঙ্গে I.N.D.I.A শিবিরের অন্য নেতানেত্রীদের সুরে গলা মিলিয়ে বৃহত্তর আন্দোলনের পক্ষে সওয়ালও করলেন। ককরোচ জনতা পার্টি হোক বা I.N.D.I.A শিবির, আন্দোলন চলবে বলে জানিয়ে দিলেন তিনি। (Prashant Kishor)
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে বলে দিন দুয়েক আগেই মুখ খুলেছিলেন প্রশান্ত। শনিবার দিল্লিতে যে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ, তা নিয়ে ফের মুখ খুলেছেন তিনি। পটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "দিল্লিতে যে ৪০ হাজার আধা সামরিক বাহিনী নামানো হয়েছে, তা-ই বলে দিচ্ছে রাজধানীর বুকে শনিবারের আন্দোলন সফল হয়েছে। গত আট-১০ বছরে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে নির্বাচন কমিশন।" (I.N.D.I.A Bloc)
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের পদত্যাগের দাবিকে সমর্থন করছেন প্রশান্ত। তাঁর বক্তব্য, "কত সংখ্যক মানুষ আন্দোলনে অংশ নিয়েছে, তা নিয়ে কাটাছেঁড়া করছেন অনেকে। কিন্তু আসল কথা হল, আন্দোলন থামাতে ৪০ হাজার আধা সামরিক বাহিনী নামাতে হয়েছে সরকারকে। এতেই বোঝা যাচ্ছে, কত শক্তিশালী আন্দোলন হয়েছে। গত আট-১০ বছরে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ করা উচিত।"
আরও পড়ুন: রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
জ্ঞানেশের পদত্যাগের দাবিতে তাহলে কি I.N.D.I.A শিবিরের পাশেই কি দেখা যাবে প্রশান্তকে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, "I.N.D.I.A শিবির হোক বা ককরোচ জনতা পার্টি, ছাত্র সংগঠন হোক বা সাধারণ মানুষ---এই আন্দোলন, প্রতিবাদ চলবে। আন্দোলন চলবে কারণ মূল সমস্যাগুলির সমাধান বের করতে ব্যর্থ সরকার। যত ক্ষণ পর্যন্ত না শিক্ষায় সংস্কার হচ্ছে, বেকারত্বের সমস্যা ঘুচছে, নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে সংস্কার ঘটানো হচ্ছে, রাজপথে এই প্রতিবাদ, আন্দোলন চলতে থাকবে। এগুলি থামার নয়।"
অতি সম্প্রতি বিহার উপনির্বাচনে বাঁকিপুর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন প্রশান্ত। সম্প্রতি বিজেপি নেতৃত্বাধীন NDA-র যে বৈঠক হয়েছে বিহারে, তা তাদের 'দুর্বলতার লক্ষণ' বলেও মনে করছেন তিনি। উপনির্বাচনের পর বিধান পরিষদের নির্বাচন নিয়েও বিহারে NDA জোট আতঙ্কিত বলে দাবি তাঁর। বিহারের শিক্ষিত মানুষজন NDA-কে ভোট দেবেন না বলে আশাবাদী তিনি। অগাস্ট মাসে বাঁকিপুর আসনে ঐতিহাসিক জয় পেয়েছেন প্রশান্ত। বিজেপি-র গড় ছিনিয়ে নিয়েছেন কার্যত।
