বিনোদন পার্কে আনন্দ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! আমেরিকার জর্জিয়া প্রদেশের সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া থিম পার্কে রোলার কোস্টারকে ঘিরে দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। সোমবার বিকেলে ঘটে এই ঘটনা। দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Continues below advertisement

অ্যাটলান্টা শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই বিনোদন পার্কে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়। কোব কাউন্টি পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং বাকিরা ঠিক কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রোলার কোস্টার ঘিরে কী ঘটেছিল?

Continues below advertisement

প্রশাসন এবং পার্ক কর্তৃপক্ষ দুর্ঘটনায় জড়িত রোলার কোস্টারটির নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। রোলার কোস্টার থেকে যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছে। দুর্ঘটনার পর ওই রাইড বন্ধ করে দেওয়া হয়।

২০০৬ সালে চালু হয়েছিল এই রোলার কোস্টার। পার্কের তথ্য অনুযায়ী, এই রাইডের উচ্চতা প্রায় ২০০ ফুট এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ মাইল, অর্থাৎ ঘণ্টায় প্রায় ১১৩ কিলোমিটার। দ্রুত গতি, খাড়া উতরাই এবং একাধিক বাঁকের জন্য পরিচিত এই রাইড।

তবে দুর্ঘটনাটি রোলার কোস্টারেই ঘটেছে কি না, তা কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করা হয়নি। ঘটনার সঙ্গে ঠিক কী কী বিষয় জড়িত, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

তদন্তে পুলিশ, শোকপ্রকাশ পার্ক কর্তৃপক্ষের

কোব কাউন্টি পুলিশের মেজর ক্রাইমস ইউনিট ঘটনার তদন্ত করছে। সিক্স ফ্ল্যাগস কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কের কর্মী এবং স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তদন্তে পুলিশকে সব রকম সহযোগিতা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

এই দুর্ঘটনায় এক জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছে পার্ক কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত অতিথি এবং কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এ দিকে, দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিক্স ফ্ল্যাগসের ছ’টি পার্কে মোট ন’টি রোলার কোস্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত রাইডের মতো একই ধরনের আকর্ষণগুলির নিরাপত্তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ।

বিনোদন পার্কে নিরাপত্তা ব্যবস্থা এবং রাইড পরিচালনার নিয়ম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনায়। তবে দুর্ঘটনার কারণ বা নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে।