নয়া দিল্লি : অঙ্কিত বালিয়ানের খুনিদের গ্রেফতারি নিয়ে যোগী সরকারের উপর চাপ বাড়ছিল। এবার এল বড় আপডেট (Ankit Baliyan murder) । বড়সড় সাফল্য পুলিশের । কয়েকদিন আগেই জিম থেকে বেরোনোর সময় গুলিতে ঝাঁঝরা হয়ে যান 'জনপ্রিয়' গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তারপরই তাঁর স্ত্রী দাবি করেন, দ্রুত তাঁর খুনিদের (Ankit Baliyan killing) গ্রেফতার না করলে, তিনি নিজেকেই শেষ করে দেবেন। ঘটনায় যোগী-সরকারকে নিশানা করেন অখিলেশ যাদব , প্রশ্ন তোলেন এতদিন হয়ে গেন, কী করছে পুলিশ ? অবশেষে পুলিশের এনকাউন্টারেই মারা গেল অভিযুক্ত দুই শুটার।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই শুটারের নাম সুমিত ও রোহিত। দুজনের বয়সই ২০র কোঠায়। অঙ্কিত বালিয়ানের হত্যাকাণ্ডের তদন্তে এই দুই অভিযুক্তের নাম উঠে এসেছিল। মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ হাজার টাকা । পুলিশের দাবি, বালিয়ানের খুনে মোট চারজন শুটার সরাসরি জড়িত ছিল। তাঁদের মধ্যেই ছিল সুমিত ও মোহিত ( Ankit Baliyan shooters Encounter ) । এছাড়াও আরও দুই ব্যক্তি হামলার আগে গায়কের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল বলে তদন্তে উঠে এসেছে।
অঙ্কিত বালিয়ানের হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করে শামলি পুলিশ। শামলির এসপি নরেন্দ্র প্রতাপ সিং জানান, এই অভিযুক্তদের ধরতে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে নজরদারি চলছিল। রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাকা চেকিং চলছিল। জেলার বাইরে থেকে আসা সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। তখনই পুলিশের নজরে আসে সন্দেহজনক একটি মোটরসাইকেল। সেটিকে আটকাতে গেলে এক্কেবারে দুই আরোহী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি SHO-র গাড়িতে গিয়ে লাগে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বীরেন্দ্র কাসানা। এরপরই ওয়্যারলেসের মাধ্যমে জেলার অন্যান্য পুলিশ দলকে সতর্ক করে দেওয়া হয়। একটা সময় পুলিশ তাদের ঘিরে ধরে ।চলে গুলির লড়াই। পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই সন্দেহভাজন গুলিবিদ্ধ হয় ।
দিনকয়েক আগে উত্তরপ্রদেশে গুলিতে ঝাঁঝরা হয়ে যান জনপ্রিয় গায়ক তথা ইউটিউবার অঙ্কিত বালিয়ান। জিমের বাইরে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় চার দুষ্কৃতী। প্রায় ২০ রাউন্ড গুলি চলে। মাথায় গুলি লাগে অঙ্কিতের। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অঙ্কিতকে খুনের নেপথ্য়ে রাজনৈতিক সংযোগ থাকতে পারে বলেও জল্পনা তৈরি হয়।
