কলকাতা: দেশব্যাপী প্রবল ছাত্র আন্দোলনের (NEET Paper Leak Protest) মুখে অবশেষে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তাঁর পদত্যাগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হৃদয় ভারাক্রান্ত।
মুখ্যমন্ত্রীর মতে কঠিন সময়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হলেও, মানুষের অবদান প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তখন আমার মন ভারাক্রান্ত। অনেকসময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে। জাতীয় শিক্ষানীতি ২০২০-এর মাধ্যমে তিনি এক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছেন। যা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার মজবুত ভিত গড়ে তোলে। 'পূর্ব ভারতের বাসিন্দাদের কাছে 'মিশন পূর্বোদয়'-এর প্রতি তাঁর অবিচল নিষ্ঠা সর্বদা বিশেষ গুরুত্ব বহন করবে। তাঁর দূরদর্শী চিন্তাধারার ফলেই পূর্ব ভারত তার প্রাপ্য মনোযোগ ও নীতিগত গুরুত্ব লাভ করেছে।'
'ইতিহাস তাঁদেরই মনে রাখে যাঁরা প্রতিষ্ঠান গড়ে তোলেন। মানুষের জীবন বদলে দেন ও দীর্ঘস্থায়ী অবদান রেখে যান। আগামীদিনে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আমি তাঁর শক্তি ও সাফল্য কামনা করি।' কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার পরই সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন:- আন্দোলনের চাপে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, 'ককরোচ'দের শুভেচ্ছা প্রকাশ রাজ থেকে অঞ্জন দত্তদের
প্রসঙ্গত উল্লেখ্য, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরেই যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিল ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং কেন্দ্রের তরফে আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে রুজু হওয়া এফআইআর প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দেওয়ার পর ৪৯ দিনের অবস্থান কর্মসূচি থেকে সরে এল CJP।
ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদল এবং সরকারের তরফে কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের তিন দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত। আলোচনা শেষে সিদ্ধান্তের কথা জানিয়ে সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, 'সদিচ্ছার নিদর্শন হিসেবেই এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সংগঠন আশা করছে যে, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই সম্মত শর্ত বাস্তবায়ন করবে।'
