আমরোহা : উত্তরপ্রদেশের ( Uttar Pradesh ) আমরোহায় ( Amroha ) জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত তিন জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন। মঙ্গলবার মিলাক ছবি গ্রামে একটি হনুমান মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান ও পাঠ চলাকালীন আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে মণ্ডপে ঢুকে পড়ে একটি ট্রাক।  ভক্তদের উপর উল্টে যায় একটি পাথরবোঝাই ট্রাকটি। ঘটনায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 

Continues below advertisement

প্যান্ডেলে ঢুকে পড়ে ট্রাক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের রাস্তার ধারে অবস্থিত হনুমান মন্দিরে সেই সময় চলছিল ‘সুন্দরকাণ্ড’ পাঠ। প্রায় ২০ থেকে ২৫ জন ভক্ত সমবেত হয়েছিলেন। এর  মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন, ভক্তিগীতি ও পাঠ শুনছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি পাথরবোঝাই ট্রাক প্রথমে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মন্দিরের সামনে তৈরি অস্থায়ী প্যান্ডেলে ঢুকে পড়ে। ট্রাকটি উল্টে যাওয়ার পর বহু মানুষ তার নীচে চাপা পড়েন বলে অভিযোগ।

ঘটনাস্থলেই মৃত্যু ৩ জনের

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পরম সিং (৭০), মহিপাল (৪২) এবং ৫ বছরের আর্যবীরের। জানা গিয়েছে, ছোট্ট আর্যবীর তার মামাবাড়িতে বেড়াতে এসেছিল। দুর্ঘটনার পর এলাকায় কান্নার রোল ওঠে। ছোট্ট শিশুকে হারিয়ে মর্মাহত হয়ে পড়েন পরিবারের লোকজন।    বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Continues below advertisement

তদন্ত শুরু পুলিশের

উত্তরপ্রদেশ পুলিশ ( Uttar Pradesh Police) জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল, চালক অতিরিক্ত গতিতে ছিল কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকচালকের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। কলকাতায় সাম্প্রতিক দুর্ঘটনা

ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের টেগোর পার্ক ক্রসিংয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুটি গাড়ির চালকই সামান্য জখম হয়েছেন। ভোর সাড়ে ৫টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ই এম বাইপাস ধরে রুবির দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল একটি ট্রাভেলার গাড়ি। সার্ভিস রোড থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠছিল আরেকটি গাড়ি। টেগোর পার্ক ক্রসিংয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়। আহত দুই গাড়িচালককে প্রাথমিক চিকিৎসার জন্য ডিসান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।