কলকাতা: ‘চাঁদ আমাদের!’—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমনই এক পোস্ট ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে-এ চাঁদ নিয়ে একটি পোস্ট শেয়ার করেন ট্রাম্প। সেখানে মার্কিন পতাকার সঙ্গে চাঁদের ছবি তুলে ধরে কার্যত পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহটির ওপর আমেরিকার মালিকানার দাবি জানান তিনি।
চাঁদ নিয়ে ট্রাম্পের এই মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। Economic Times-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক এআই -জেনারেটেড পোস্ট প্রকাশ করেছেন। শুধু চাঁদ নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়েও আমেরিকার মালিকানার দাবি সংক্রান্ত পোস্ট করেছেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন তাঁর প্রশাসনের একাধিক ‘নাম বদল’ উদ্যোগ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে। এর আগে মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘Gulf of America’ করার উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি কানাডার সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই লেক ওন্টারিও-র নাম ‘Lake America’ করার নির্দেশও দেওয়া হয়।
এবার সেই তালিকায় যেন যুক্ত হল চাঁদও! ট্রাম্পের পোস্টে ‘The moon is ours’—অর্থাৎ ‘চাঁদ আমাদের’—এই বার্তাই সামনে এসেছে। তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
শুধু চাঁদ নয়, একই সময় নিউ মেক্সিকো রাজ্যের নাম বদলে ‘New America’ করার প্রস্তাবও দেন ট্রাম্প। তাঁর দাবি ছিল, অনেকেই নাকি নিউ মেক্সিকোর নাম বদলে ‘New America’ রাখার পরামর্শ দিয়েছেন। তবে সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দেন নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম। তিনি জানান, নিউ মেক্সিকোর নাম নিয়ে কোনও বিতর্কের প্রশ্নই নেই এবং নামটি যুক্তরাষ্ট্রের অস্তিত্বেরও আগের।
ট্রাম্পের এই ধারাবাহিক নামবদলের উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। নিউ মেক্সিকোর গভর্নরের বক্তব্য, এই ধরনের প্রস্তাবের মাধ্যমে মার্কিন নাগরিকদের অন্য গুরুত্বপূর্ণ সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে দেশে জ্বালানির দাম বৃদ্ধির মতো বিষয়গুলি বর্তমানে বড় উদ্বেগের কারণ।
এর আগেও Strait of Hormuz-এর নাম বদলে ‘Trump Strait’ করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে অবশ্য সেই পরিকল্পনা নিয়ে তিনি আদৌ কতটা সিরিয়াস ছিলেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। ফলে ‘Moon is ours’ পোস্টটিও আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি করেছে।
চাঁদকে ঘিরে ট্রাম্পের এই মন্তব্য তাই এখন শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সীমাবদ্ধ নেই। আমেরিকার আন্তর্জাতিক নীতি, ট্রাম্পের রাজনৈতিক বক্তব্য এবং তাঁর প্রশাসনের সাম্প্রতিক নামবদলের উদ্যোগ—সব মিলিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁর এই মন্তব্য।
