নয়া দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে ট্রাম্পের একটি মন্তব্যের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে নাকি বলতে শোনা গিয়েছে, আমি মোদির কেরিয়ার ধ্বংস করতে চাই না ! আর এই ভিডিওকে হাতিয়ার করেই এখন মাঠে নেমেছে বিরোধীরা। এবার সেই ভিডিও-প্রসঙ্গেই মুখ খুলল বিদেশমন্ত্রক।
ভারতের বিদেশ মন্ত্রক কী বলছে?
ভারত-আমেরিকার সম্পর্কে উন্নতি হয়েছে। স্বাক্ষর হয়েছে দু’দেশের বাণিজ্যচুক্তি। সেই আবহেই এই ভিডিওকে হাতিয়ার করে মোদিকে টার্গেট করছে বিরোধীরা। মনে করা হচ্ছে, গত বছর যখন দু - দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল, তখনকার ভিডিও এটি। তবে ভারতের বিদেশ মন্ত্রক বলছে , এরকম কোনও ভিডিও তারা দেখেননি।
জয়সওয়াল যা জানালেন ....
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই ভিডিও প্রসঙ্গে প্রশ্নের উত্তর দেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার তার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জয়সওয়াল স্পষ্ট করে বলেন, তিনি প্রশ্নবিদ্ধ ভিডিওটি দেখেননি। ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, জয়সওয়াল বলেন, "আমি ভিডিওটি দেখিনি। তবে যদি সত্যিই এমন কোনও ভিডিও থাকে, তা সত্য হোক বা মিথ্যা, আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।"
ট্রাম্প কী বলেছিলেন ?
ওই ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, মোদি একজন মহান ব্যক্তি। তিনিও ট্রাম্পকে ভালোবাসেন।" সঙ্গে সঙ্গে আবার তিনি এই "ভালোবাসা" শব্দের ব্যাখ্যাও করে দেন, বলেন বিষয়টা অন্যভাবে না নিতে।" ট্রাম্প ফের বলেন, "মোদিএকজন মহান মানুষ, উনি ট্রাম্পকে ভালোবাসেন। এখন, আমি জানি না ভালোবাসা শব্দটি কি অন্যভাবে নেওয়া উচিত? আমি চাই না যে আপনারা এই শব্দের অন্য ব্যাখ্যা করুন। আমি ওঁর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চাই না, তবে আপনাদের বুঝতে হবে, আমি বহু বছর ধরে ভারতকে দেখছি। আমার বন্ধু এখন অনেক দিন ধরে সেখানে আছে,"। এখন এই ভিডিওই চর্চার তুঙ্গে।