চণ্ডীগড়: মেলার মাঠে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। হরিয়ানায় মানুষ সমেত ভেঙে পড়ল ‘সুনামি দোলনা’। এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনার সময়কার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আঁতকে উঠেছেন সকলে। হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Swing Collapses in Haryana Fair)
হরিয়ানার ফরিদাবাদের ঘটনা। সেখানে এই মুহূর্তে সূর্যকুণ্ড মেলা চলছে। মেলা দেখতে হাজির হয়েছেন বহু মানুষ। আর সেই আবহেই শনিবার বড় দুর্ঘটনা ঘটল। হঠাৎই ছিঁড়ে পড়ল মানুষভর্তি 'সুনামি দোলনা'। আর তাতেই চোখের নিমেষে বদলে যায় পরিস্থিতি। চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয় মেলার মাঠে। (Tsunami Swing Collapse)
এখনও পর্যন্ত যা খবর, তাতে এক পুলিশ ইনস্পেক্টর মারা গিয়েছেন বলে খবর। দোলনা ভেঙে পড়তে দেখে তিনি ছুটে গিয়েছিলেন। উদ্ধারকার্য চালাতে গিয়েই তিনি মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। অনেকে আহত হয়েছেন। অবস্থা গুরুতর বেশ কয়েক জনের। সেখানে উদ্ধারকার্য শুরু হয়েছে।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, 'ফরিদাবাদে সূর্যকুণ্ড মেলায় দুর্ঘটনার খবরে শোকাহত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসায় কোনও খামতি থাকবে না। হরিয়ানা সরকার সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত'।
ফরিদাবাদের ডেপুটি কমিশনার আয়ুষ সিনহা বলেন, "সন্ধে ৬টা বেজে ১৫ মিনিটে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এখানে। সূর্যকুণ্ডে জয়রাইড ছিঁড়ে পড়েছে। কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। এক পুলিশ ইনস্পেক্টর মারা গিয়েছেন। দোলনা হেলতে শুরু করলে তিনি বাঁচাতে ছোটেন সকলকে। কিন্তু দোলনার একটি অংশ তাঁর মাথায় ভেঙে পড়ে। বাকিদের চিকিৎসা চলছে। যাঁরা জয়রাইড অপারেট করছিলেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। দায়ের করা হবে এফআইআর। পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে।"
তবে ওই মেলার মাঠে এই প্রথম দুর্ঘটনা ঘটল না। এর আগে, সেখানকার খাওয়াদাওয়ার জায়গাটিতে একটি ফটক ভেঙে পড়ে। সেই ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। এই সূর্যকুণ্ড মেলা আসলে হস্তশিল্প মেলা। ৩১ জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। হস্তশিল্প সামগ্রী থেকে তাঁতের শাড়ি, বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি হয়। বিদেশ থেকেও অনেকে জিনিস বিক্রি করতে আসেন সেখানে। এবারে মেলার পার্টনার মিশর। ভারতের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক এবং হস্তশিল্প উৎসব হিসেবেও পরিচিত মেলা। লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন সেখানে।
