লখনৌ : ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে, উত্তরপ্রদেশ বিধান পরিষদের গ্র্যাজুয়েট ও শিক্ষক নির্বাচনী এলাকার ১১টি আসনের নির্বাচন ভারতীয় জনতা পার্টির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াল। দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বারাণসী ও লখনৌতে তারা বিপর্যয়ের মুখে পড়েছে, আর গোরক্ষপুরে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। যদিও শাসক দল বিজেপি সব মিলিয়ে ছয়টি আসনে জয়ী হয়েছে। তবে সমাজবাদী পার্টি পাঁচটি আসন জিতে নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে।

Continues below advertisement

বুধবার ফল ঘোষণা হয়। তাতে দেখা যায়, বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা ছয়, যা ২০২০ সালের বিধান পরিষদ নির্বাচনের ফলাফলের সমান। ছয় বছর আগে সমাজবাদী পার্টি (এসপি) তিনটি আসনে জয়ী হয়েছিল এবং নির্দল প্রার্থীরা দু'টি আসন পেয়েছিলেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির আসন সংখ্যা ২০১৯ সালের ৬২টি থেকে কমে ৩৩টিতে নেমে আসায় দল কোণঠাসা হয়ে পড়ে। তাই তারা বিধান পরিষদ নির্বাচনে নিজেদের আসন সংখ্যা বাড়িয়ে বার্তা দিতে চাইছিল যে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে তারা আবারও নিজেদের হারানো জমি ফিরে পেয়েছে।

Continues below advertisement

বিজেপি আশা করেছিল যে, কোনও সাফল্য পাওয়া গেলে তা দিয়ে বিরোধী শিবিরের বিভিন্ন প্রচারের মোকাবিলা করা যাবে। যেমন- তরুণ প্রজন্মের অসন্তোষের কথা, রাম মন্দিরে অনুদান সংগ্রহের ক্ষেত্রে চুরির বিতর্ক, ইউজিসি-র নির্দেশিকা নিয়ে উচ্চবর্ণের মানুষের ক্ষোভ এবং ইভিএম (EVM)-এ কারচুপির বিষয়ে বিরোধীদের অভিযোগ। এই নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করা হয়েছিল। তবে বারাণসী, লখনউ, ঝাঁসি এবং আগ্রা অঞ্চলের মতো শক্ত ঘাঁটিগুলিতে দলের প্রার্থীদের পরাজয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোরক্ষপুর-ফৈজাবাদ শিক্ষক আসনে বিজেপি জয়লাভ করেছে, তবে তা হয়েছে খুব অল্প ব্যবধানে।

সমাজবাদী পার্টি বিজেপি-র কাছ থেকে লখনউ গ্র্যাজুয়েট আসনটি ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি তারা আগ্রা শিক্ষক আসনটিও জয় করেছে, যে আসনটিতে আগে একজন নির্দল প্রার্থী জিতেছিলেন, যিনি পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

পশ্চিম উত্তর প্রদেশে নিজেদের পারফরম্যান্স থেকে বিজেপি কিছুটা স্বস্তি পেয়েছে। সেখানে তারা মিরাট গ্র্যাজুয়েট ও শিক্ষক নির্বাচনী আসনগুলি ধরে রাখতে সক্ষম হয়েছে। এই আসনগুলিতে বিজেপির প্রার্থী দীনেশ কুমার গয়াল ও শ্রীচাঁদ শর্মা জয়লাভ করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজেপি প্রার্থী ড. হরি সিং ধিঁলো ২১,৬৭২টি ভোট পেয়ে বরেলি-মোরাদাবাদ ডিভিশন শিক্ষক আসনটি ধরে রেখেছেন। বিজেপির উমেশ দ্বিবেদী লখনৌ শিক্ষক নির্বাচনী এলাকার আসনটি ধরে রেখেছেন; তিনি মোট ১৩,১৭৯টি ভোট পেয়েছেন। অন্যদিকে, একই দলের মানবেন্দ্র প্রতাপ সিং আগ্রা স্নাতক নির্বাচনী এলাকার আসনটি ধরে রেখেছেন এবং ৪২,৭৪৩টি ভোট পেয়েছেন-বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

বারাণসীতে যেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় প্রতিনিধিত্ব করেন, সেখানে সমাজবাদী পার্টি (এসপি) স্নাতক ও শিক্ষক-উভয় আসনই ধরে রেখেছে, যেগুলিতে তারা ২০২০ সালে জয়ী হয়েছিল।